নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শঙ্খলা ভঙের অভিযোগে বিএনপি নেতা আইয়ুব খানকে দল থেকে বহিস্কারাদেশে সাবেক নেতাদের স্বাক্ষর নিয়ে উপজেলা বিএনপির বর্তমান কমিটি পাল্টা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সোমবার (৮ জুন) রাতে উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ ও সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ স্বাক্ষরিত দলীয় প্যাডে বহিস্কারকে ‘দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী’ উল্লেখ করেন।
আইয়ুব আলী খান গোয়ালন্দ উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির ৬৪ নম্বর সদস্য ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যও ছিলেন।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ জুন স্বাক্ষরিত আইয়ুব খার বহিস্কার সংক্রান্ত বিজ্ঞপ্তি গোয়ালন্দ উপজেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। উপজেলা বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আইয়ুব খাকে নির্বাহী কমিটির কিছু সদস্য তাঁদের সাবেক পদপদবি ব্যবহার করে বহিস্কার সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন। যা সম্পূর্ণ দলীয় গঠনতন্ত্র ও শঙ্খলা পরিপন্থী। বহিস্কারাদেশ একমাত্র উপজেলা বিএনপির সুপারিশক্রমে জেলা বিএনপি কার্যকর করতে পারেন। ভবিষ্যতে দলের সুনাম ক্ষুণ্ন এবং সমালোচনার সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকার নির্দেশ দেন। এহেন কর্মকাণ্ড কেউ পুনরায় করলে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। আইয়ুব আলী খার ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে দলীয় শৃৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সু-নির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে দল তাঁর বিরুদ্ধেও কার্যকর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে ৬ জুন সন্ধ্যায় উপজেলা বিএনপির অপর অংশ (প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গ্রুপ) জরুরি বৈঠকের সিদ্ধান্তে তাঁদের সমর্থিত বিএনপি নেতা আইয়ুব খাঁনকে দলের সাধারণ সম্পাদক ও সদস্য পদ থেকে বহিস্কার করে। যা ওইদিন থেকে কার্যকর হবে। বহিস্কারাদেশে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রোস্তম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ফকির স্বাক্ষর করেন। উপজেলা বিএনপির সাবেক নেতাদের বহিস্কারাদেশের বিজ্ঞপ্তি রোববার (৭ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো হয়। পাশাপাশি তাঁরা নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে ব্যাপক সমালোচনা ও আলোচনার জন্ম দেয়।
জানতে চাইলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সুলতান নুর ইসলাম বলেন, ‘দলের হাই কমান্ডের নির্দেশে তাঁকে বহিস্কার করা হয়েছে। আমাদের কেউ দোষ করলে সমালোচনার ঝড় উঠে। অপরাধের ব্যবস্থা নিয়েছি বলে গঠনতন্ত্রের কথা উঠছে। দল কারো অপরাধ মেনে নিবে না। তারাই কি গঠনতন্ত্র মানছেন? উপজেলা বিএনপি আমাদের বাদ রেখে কয়েক বছর আগে একতরফা কমিটি করেছে।’
প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটিতে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার, মনিটর, আইপিএস, বৈদ্যুতিক মোটরপাম্পসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়। ৩১ মে দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় অবস্থিত বিএনপি নেতা আইয়ুব খানের ভাঙরি দোকানে অভিযান চালিয়ে সেসব চোরাই মালামাল জব্দ ও একজনকে আটক করে। খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
আপনার মতামত লিখুন