২১ এপ্রিল গোয়ালন্দে সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ দিবসে ভাষ্কর্য নির্মাণ সম্পন্নের দাবি
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: ১৯৭১ সালের ২১ এপ্রিল পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে নিহত শহীদদের স্মরণে মুক্তিযুদ্ধ সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে ২০১৫ সাল থেকে রাজবাড়ীর গোয়ালন্দে বেসরকারী উদ্যোগে পালিত হচ্ছে সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ দিবস। এ উপলক্ষে মঙ্গলবার শহীদদের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়। অর্থের অভাবে বন্ধ থাকা স্মৃতিস্তম্ভ ভাষ্কর্য নির্মাণকাজ দ্রুত সম্পন্ন এবং সরকারিভাবে প্রতিরোধ দিবস পালনের দাবি জানানো হয়।
মুক্তিযুদ্ধ ভাষ্কর্য স্থান গোয়ালন্দ উপজেলার উজানচর বাহাদুরপুর ভাস্কর্য নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রকৌশলী জুয়েল বাহাদুর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। শেখ নাজিমদ্দিন রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন রনাঙ্গনের যোদ্ধা সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম মণ্ডল, অবসরপ্রাপ্ত পিটিআই ইনষ্ট্রাক্টর মফিজুল ইসলাম তানসেন, গোয়ালন্দ মুক্তিযোদ্ধা ভাষ্কর্য পরিষদের সদস্য ইউপি সদস্য সেলিম খান, জিয়াউল হক বাবলু, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আবুল হোসেন বাবলু, সাংবাদিক রাশেদ রায়হান প্রমূখ।
ভাষ্কর্য নির্মাণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জুয়েল বাহাদুর বলেন, ১৯৭১ সালের ২১ এপ্রিল প্রতিরোধ যুদ্ধকালীন সময় সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে ২০১৫ সাল থেকে বাহাদুরপুর গ্রামের সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ দিবস পালন হচ্ছে। ২০১৮ সালে আমার বাবা ইউসুফ আলীর দেওয়া জমিতে জেলা পরিষদে ২ লাখ টাকা ব্যায়ে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়। পুরো কাজ শেষ করতে ১৪-১৫ লাখ টাকা প্রয়োজন। অর্থের অভাবে নির্মাণকাজ অসম্পন্ন অবস্থায় আছে। অথচ সরকারিভাবে এখন পর্যন্ত দিবসটি পালন করা হচ্ছে না।
১৯৭১ সালের ২১ এপ্রিল গোয়ালন্দের জন্য একটি ঘটনাবহুল দিন হিসেবে উল্লেখ করেন গোয়ালন্দের যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। তিনি জানান, সেদিন পাকিস্তানি বাহিনী গোয়ালন্দ বাজারসহ আশপাশের কয়েকটি গ্রামে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে এবং বহু মানুষকে হত্যা করে। দ্রুত স্মৃতিস্তম্ভ নির্মাণ শেষ হলে নতুন প্রজন্ম এই ইতিহাস জানতে পারবে। সরকারিভাবেও দিবসটি পালনের দাবি জানাচ্ছি।
১৯৭১ সালের ২১ এপ্রিল ভোরে বৃষ্টিরমধ্যে পাকিস্তানের সুসজ্জিত বাহিনী হেলিকপ্টারযোগে, নদীপথে আরিচা থেকে গানবোট, কে-টাইপ ফেরি, স্পীডবোটে হানাদার বাহিনী তৎকালীন গোয়ালন্দ মহকুমা বাহাদুরপুর গ্রামে নামে। মুক্তিকামী মানুষ, ইপিআর, আনসার, ইপিআর কমান্ডার এসডিও শাহ ফরিদ, মুক্তিবাহিনীর তৎকালীন থানা ছাত্রলীগ সভাপতি ফকীর আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক কেরামত আলী প্রামানিকের নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর প্রতিরোধ যুদ্ধ হয়। এতে শহীদ হন ফকির মহিউদ্দিন, ছবেদ আলী, হাবিল মন্ডল, কবি তোফাজ্জল হোসেন, জিন্দার আলী মৃধা, নায়েব আলী বেপারী, মতিয়ার রহমান, জয়নদ্দিন ফকির, কাদের মোল্লা, হামেদ শেখ, কানাই শেখ, ফুলবরু বেগম, মোলায়েম সরদার, বরুজান বিবি, আমজাদ হোসেন, মাধব বৈরাগী, আহাম্মদ আলী, খোদেজা বেগম, করিম মোল্যা, আমোদ শেখ, কুরবান শেখ, মোকসেদ শেখ, নিশিকান্ত রায়, মাছেম শেখ, ধলাবরু বেগম, আলেয়া খাতুন, বাহেজ পাগলাসহ অনেকে।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল
আপনার মতামত লিখুন