নেশার টাকার জন্য ঘুমন্ত মাকে দা দিয়ে কুপিয়ে জখম, ছেলে আটক করে পুলিশে সোপর্দ
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
মইনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ী গোয়ালন্দ পৌরসভা ৪ নং ওয়ার্ড ক্ষুদিরাম সরদার পাড়া এলাকার সুজিত মন্ডলের স্ত্রী স্বামী পরিত্যক্তা শিখা রানী (৪০) নামের এক নারীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে তাঁর ছেলে গোবিন্দ ঘোষের (১৯) বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন গোবিন্দকে আটক করে পুলিশে দিয়েছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে ছেলে গোবিন্দ ঘোষ নেশাগ্রস্ত অবস্থায় তার ঘুমন্ত মায়ের উপর দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। শিখা রানীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পারিবারিক সূত্র আরও জানায়, ঘটনার সময় ভিকটিমের বাড়ির অন্যান্য লোকজন গোবিন্দ ঘোষকে ঘরের মধ্যে আটক রেখে গোয়ালন্দ ঘাট থানায় খবর দিলে থানা পুলিশের উপপরিদর্শক(এস আই) মোহাম্মদ নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল থেকে ১টি রক্ত মাখা দা, বিছানায় পড়ে থাকা মাথার চুল, রক্তমাখা বিছানার চাদর জব্দ করে। একই সাথে স্থানীয় লোকজনের হাতে আটক গোবিন্দ ঘোষকে হেফাজতে নেন। আসামি গোবিন্দ এর আগেও মাঝেমধ্যে নেশার টাকার জন্য মায়ের সাথে ঝগড়া করেতেন।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত তরুণকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরেই রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল
আপনার মতামত লিখুন