রোববার, ১২ এপ্রিল ২০২৬
রাজবাড়ী মেইল

আইন-কানুন

রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ী: ডাকাতির প্রস্তুতিকালে রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ পাঁচজনকে দেশীয় অস্ত্র সহ গ্রেপ্তার করেছে। এ সময় সাথে থাকা অন্যান্য ডাকাত সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে।  এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, তিনটি হকিষ্টিক, তিনটি লোহার রড, একটি রশি, এক জোড়া জুতা ও দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো পাংশার বহলাডাঙ্গা গ্রামের আজাদ মন্ডলের ছেলে জিহাদ মন্ডল (২১), একই এলাকার শুকুর আলী মন্ডলের ছেলে আনিচ মন্ডল (২৫), রাজিম উদ্দিন শেখ এর ছেলে শামীম শেখ (১৯), মিন্টু মন্ডলের ছেলে মিরাজুল ইসলাম মন্ডল (৩২) ও লুতফর রহমান সরদারের ছেলে শাওন সরদার (২১)।    পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের্^ খাল পাড় এলাকায় ডাকাত সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় হাতেনাতে পাঁচজনকে আটক করতে পারলেও আরও কয়েকজন পালিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে শনিবার থানায় মামলা রুজু করেছে। গ্রেপ্তারকৃতদের রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রাজবাড়ীর পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫