
নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ী: রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পর এবার জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উদ্বোধনী ব্যানার টাঙানো হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার ভোরের কোন এক সময় পাংশা শহরের বাজারের প্রধান সড়ক সংলগ্ন টেম্পু ষ্ট্যান্ডে অবস্থিত দলীয় কার্যালয়ে ব্যানারটি টাঙানো হয়। দলীয় কার্যালয় থেকে মাত্র ২০০ গজ দূরেই অবস্থিত সাবেক রেলপথমন্ত্রী জিল্লুল হাকিমের বাড়ি।
ব্যানারের এক পায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সজিব ওয়াজেদ জয় এবং অপর পাশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক রেলপথমন্ত্রী, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য জিল্লুল হাকিমের ছবি রয়েছে। এছাড়া ব্যানারে মাঝখানে বড় অক্ষরে শুভ উদ্বোধন এবং তার পাশে বড় করে জেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক রেলপথমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিমের ছবি দেওয়া রয়েছে।
ব্যানারটির উপরের দিকে লেখা রয়েছে, ‘রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মিতুল হাকিম পাংশা উপজেলা সহ রাজবাড়ী জেলার সকল প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের অফিস শুভ উদ্বোধনের ঘোষণা।’ এছাড়া ব্যানারের নিচের দিকে লেখা রয়েছে, আজ পাংশা উপজেলা আওয়ামী লীগের অফিস শুভ উদ্বোধন করা হয় মিতুল হাকিমের নির্দেশনায়।’ ব্যানারটি কখন বা কোন সময় টাঙানো হয়েছে স্থানীয়ভাবে কেউ বলতে পারেননি।
এর আগে গত বুধবার ভোরের কোন এক সময় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়। এ ছাড়া দলীয় কার্যালয়ে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, রাজবাড়ী জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানারও টাঙানো হয়। ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানার ছবি বসানো ছিল। ধারণা করা হয়, বুধবার ভোরের কোন এক সময় এসব ছবি ও ব্যানার টাঙানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মাস্ক পরা কয়েকজন তরুণকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি হাতে দেখা যায়।
তার আগে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দুই-তিনজন তরুণ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে কার্যালয়ের সামনে একটি ব্যনার টাঙান। ব্যানারটিতে রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের ছবিসহ নাম লেখা ছিল।
২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে আওয়ামী লীগের কার্যালয়ে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। দীর্ঘ ১৮ মাস পর গত মঙ্গলবার হঠাত জাতীয় পতাকা উত্তোলন এবং উদ্বোধনী ব্যানার টাঙানো দেখা যায়। পরদিন বুধবার আরেকটি ব্যানার এবং কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙানো নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রুত সরকার শুক্রবার দুপুরে বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে আজ শুক্রবার ভোররাতের কোন এক সময় কে বা কারা ব্যানারটি টাঙিয়েছেন। তবে দলীয় কার্যালয়টি খুলেনি। কারা ব্যানারটি লাগিয়েছি বিষয়টি গুরুত্ব সহকারে আমরা খতিয়ে দেখছি।