
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ দীর্ঘ ১৮ মাস পর অনেকটা চুপিসারে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে কার্যালয়ের সামনে টানানো হয় অফিস উদ্বোধনের একটি ব্যানার। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।তবে সন্ধ্যা পর্যন্ত জাতীয় পতাকা টানানো থাকলেও ব্যানারটি দেখা যায়নি।
প্রত্যক্ষদর্শী ভ্যানচালক ইসমাইল হোসেন সহ আরো কয়েকজন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে তিনি কার্যালয়ের সামনে একটি ট্রাক থেকে ভ্যানে মালামাল তুলছিলেন। এ সময় আনুমানিক ১৭-১৮ বছর বয়সী দুই তরুন এসে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে এবং একটি ব্যানার টানিয়ে তারা দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়।
দুপুরে সরেজমিনে দেখা যায়, টানানো ব্যানারটি রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নামে। ব্যানারে উল্লেখ রয়েছে, কেন্দ্রীয় নির্দেশনায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় অফিসের শুভ উদ্বোধন করা হলো। সন্ধ্যার দিকে কার্যালয়ে জাতীয় পতাকা টানানো দেখা গেলেও ব্যানারটি দেখা যায়নি।
উল্লেখ্য, গত বছর ৫ আগস্টের পর থেকে কার্যালয়ে প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। প্রায় ১৮ মাস পর আজ মঙ্গলবার হঠাৎ জাতীয় পতাকা উত্তোলন এবং উদ্বোধনী ব্যানার টানানোকে ঘিরে এলাকায় নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের বিষয়টি সকালে জানার পর আমাদের জেলা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।