
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া ১০৬টি মুঠোফোন বিশেষ অভিযানে উদ্ধারের পর ফেরত দিয়েছে জেলা পুলিশ। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ফোন প্রকৃত মালিকগণের কাছে হস্তান্তর করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম (সেবা)।
জেলা পুলিশ জানায়, রাজবাড়ী সদর থানা সহ জেলার পাঁচটি থানায় হারিয়ে যাওয়া মুঠোফোনের মালিকগণের দায়েরকৃত সাধারণ ডায়েরির (জিডি) আলোকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্য-প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে ফোনগুলো উদ্ধার করা হয়। এরমধ্যে রয়েছে রাজবাড়ী সদর থানার ৪৬টি, কালুখালী থানার ২৪টি, গোয়ালন্দ ঘাট থানার ১৪টি, বালিয়াকান্দি থানার ১৩টি এবং পাংশা মডেল থানা এলাকার ৯টি।
মুঠোফোন হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর মোরশেদ জানান, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলা পুলিশ জনগণের হারানো সম্পদ ফিরিয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের আন্তরিক প্রচেষ্টার ফল হিসেবে আজ হারিয়ে যাওয়া ১০৬টি মুঠোফোন উদ্ধারের পর প্রকৃত মালিকগণের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। এ সময় তিনি সাধারণ মানুষকে মুঠোফোন ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সর্তক থাকার পরামর্শ প্রদান করেন। এছাড়া ফোন হারানোর সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় সাধারণ ডায়রি (জিডি) করার আহ্বান জানান।
এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ শাহিদুল ইসলাম সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।