
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রকাশ্যে দিনের বেলায় জাহিদ হাসান ফকির (২৭) নামে মালয়েশিয়া ফেরত এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর একটার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর নারায়নপুর এলাকায় ভিপি ফরিদ পাকা রাস্তার ওপর হত্যাকাণ্ডটি ঘটে।
বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে জাহিদ হাসানকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা ব্যাটারিচালিত অটোরিক্সায় করে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিতসক মৃত ঘোষণা করে। জাহিদ হাসান রাজবাড়ী পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বিনোদপুর এলাকার মাহতাব ফকিরের ছেলে। পাওনা টাকা চাওয়ায় তাকে হত্যা করে বলে পরিবারের দাবি। পুলিশের দাবি, পূর্ব শত্রুতার জেরে হত্যাকা-টি ঘটে।
মঙ্গলবার বিকেল চারটার দিকে বিনোদপুর এলাকার জাহিদের বাড়ি দেখা যায়, পরিবারের সদস্য ছাড়াও আশপাশের লোকজন ভিড় করেছে। ঘরের ভিতর জাহিদের বৃদ্ধ মা মোমেনা বেগম আহাজারি করছেন আর বিলাপ করছেন।
কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, দুপুর ১২টার দিকে ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় জাহিদ। এ সময় শুধু বলে, ‘মা আমি ওদের কাছে ২,৫০০ টাকা পাবো। টাকাটা নেওয়ার জন্য ফোন করেছে। টাকাটা নিয়েই আমি বাড়ি ফিরছি’ বলে বের হয়ে যায়। কিছুক্ষণ পরই খবর আসে জাহিদকে কুপিয়ে মারছে।
পরিবার ও স্থানীয়রা জানায়, পরিবারের দুই মেয়ে তিন ছেলের মধ্যে জাহিদ সবার ছোট। কয়েক বছর মালয়েশিয়া থাকার পর এক বছর আগে দেশে ফিরে আসে। বর্তমানে এলাকায় সে ব্যবসা করছিল। বিয়ে করারও প্রস্তুতি নিচ্ছিল। কিছুদিন ধরে সদর উপজেলার মেছোঘাটা এলাকার রাতুল ও সংগ্রাম নামের দুই তরুণের সাথে বিরোধ দেখা দেয়।
জাহিদের বড় ভাই মামুন ফকির বলেন, বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিলাম। দুপুর একটার দিকে ফোন পায় ছোট ভাই জাহিদকে মেছোঘাটা এলাকার কয়েকজন কুপিয়েছে। কে বা কারা কুপিয়েছে বলতে পারছিনা। ঘটনাস্থলে আমার ফুপাতো ভাইয়ের ছেলে বিল্লাল ফকির উপস্থিত ছিল। শুনেছি পাওনা ২,৫০০ টাকা চাওয়ায় তারা প্রকাশ্য রাস্তার ওপর ফেলে কুপিয়ে হত্যার পর অটোরিক্সায় করে চলে যায়। অথচ রাস্তা ও আশাপাশে লোকজন থাকলেও কেউ এগিয়ে আসেনি।
বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে মিজানপুর ইউনিয়নের চর নারায়নপুর এলাকার স্থানীয় সাহেব আলী ওরফে মনোর দোকানের নামনে পাকা সড়কে রক্তের দাগ লেগে আছে। এ সময় রাজবাড়ী সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। উপস্থিত লোকজনের মুখে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা যায়। সকলেই বলতে থাকেন, সিনেমা ষ্টাইলে দিনের বেলায় একজনকে কুপিয়ে হত্যা করলো, অথচ কেউ এগিয়ে আসলো না।
ঘটনাস্থলে বাকরুদ্ধ হয়ে বসা জাহিদের বাবা মাহতাব ফকির বলেন, আমি বাড়িতে ছিলাম। দুপুর একটার দিকে খবর পাই জাহিদকে কারা যেন কুপিয়ে রক্তাত্ব করেছে। স্থানীয় কয়েকজন অটোরিক্সায় করে হাসপাতালে নিচ্ছে। আমি বাড়ির সামনে থেকে তাদের সঙ্গে অটোরিক্সায় উঠে জাহিদকে কোলে করে হাসপাতালে নিয়ে যাই। এ সময় কোলের ভিতর তিনবার ঝাকি দিলে বুঝতে পারি আমার ব্যাটা আর বেঁচে নেই। হাসপাতালে নেয়ার পর ডাক্তার জানায়, সে মারা গেছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিতসা কর্মকর্তা নুরুল আজম বলেন, নিহতের শরীরের ডান পাশের পাজোরে, মাথা এবং পিঠে ৬ থেকে ৭টি ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষতের চিহৃ রয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারনে তার মৃত্যু হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।