
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সম্ভবত সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিএনপির প্রার্থী মো. হারুন-অর-রশিদ। রাজবাড়ী জেলা বিএনপির সাবেক এই সাধারণ সম্পাদক ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোটের বিপুল ভোটের ব্যবধানে নিরঙ্কুশ বিজীয় হয়েছেন। জয়ের ব্যবধানে তিনি এক নতুন ইতিহাস গড়লেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত তিনটার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা আক্তার।
পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৯৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩। এর মধ্যে ৩ লাখ ৬৩ হাজার ১৯৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট বৈধ ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৫৩ হাজার ৮৮৫ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ছিল ৯ হাজার ৩০৯। এই আসনে প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৬৪ দশমিক ৮৯ শতাংশ।
এই আসনে মোট ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনীত প্রার্থী মো. হারুন-অর-রশিদ ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টিÑএনসিপি শাপলা কলির প্রার্থী জামিল হিজাযী পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। প্রথমবার নির্বাচন করেই প্রায় ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন হারুন-অর-রশিদ।
হারুন-অর-রশিদ ছোট বেলায় বাবাকে হারান, এক বছর আগে মাকেও হারিয়েছেন। ছাত্রদলের রাজনীতি শেষে ১/১১ এর পর বিএনপিতে সক্রিয় হয়ে জেলা বিএনপিকে সংঘটিত রাখতে প্রাণপণ চেষ্টা চালান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে হাল ধরেন। তিনি নেতাকর্মীদের বিপদে সবার আগে পাশে দাঁড়ান। সামজিক বা রাজনৈতিক অনুষ্ঠানেও মঞ্চে না বসে সাধারণ মানুষের কাঁতারে বসতেন। সাধারণ মানুষের সঙ্গে হাসিমুখে মিশতেন, চলাফেলা করতেন। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী নিরহঙ্কার ব্যক্তি হিসেবে প্রিয় মানুষ হিসেবে পরিচিতি পান। তাঁর বিশাল এ জয়ের পিছনে এসব গুনাবলী মূখ্য ভূমিকা পালন করে বলে নেতাকর্মীদের অভিমত।
স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) হিসেবে বিএনপি থেকে সদ্য বহিস্কৃত সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু কলস প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে পান ৩৬ হাজার ৩৩৮ ভোট, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শফিউল আজম খান ২ হাজার ৫২ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) প্রার্থী আব্দুল মালেক মন্ডল ছড়ি প্রতীকে ২৬৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকের প্রার্থী মোহা. আব্দুল মালেক ৮ হাজার ৫০৩ ভোট, গণঅধিকার পরিষদ (জিওপি) ট্রাক প্রতীকে জাহিদ শেখ ৬৩৩ ভোট, খেলাফত মজলিস এর কাজী মিনহাজুল আলম দেওয়াল ঘড়ি প্রতীকে ৩২১ ভোট এবং স্বতন্ত্র ফুটবল প্রতীকে সোহেল মোল্লা পেয়েছেন ১ হাজার ২১৯ ভোট।
এছাড়া সর্বমোট প্রদত্ত গণভোটের সংখ্যা ছিল ৩ লাখ ৬১ হাজার ৯০৪ জন। এরমধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ৩ লাখ ২২ হাজার ৩৯২ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ছিল ৩৯ হাজার ৫১২। এরমধ্যে গণভোটে হ্যাঁ দিয়েছেন ২ লাখ ৭ হাজার ৬২৫ জন এবং না ভোট দিয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭৬৭ জন।