
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটের ব্যবধানের বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থীরা। এরমধ্যে রাজবাড়ী-১ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হন।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা আক্তার বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. নূরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট। প্রায় ৫৩ হাজার ৪৪৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৫৭টি কেন্দ্রে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটর সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন। এদের মধ্যে ২ লাখ ৭১ হাজার ৯০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৩০৬ এবং বাতিল ভোটের সংখ্যা ছিল ৫ হাজার ৫৯৬। এই আসনে প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৬৩ দশমিক ২০ শতাংশ।
এছাড়া সর্বমোট প্রদত্ত গণভোটের সংখ্যা ছিল ২ লাখ ৭১ হাজার ৬৩১। এরমধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ২ লাখ ৪৪ হাজার ৭৫০ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ছিল ২৬ হাজার ৮৮১। গণভোটে হ্যাঁ দিয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫২৫ জন এবং না ভোট দিয়েছেন ৮৭ হাজার ২২৫ জন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক এই সভাপতি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র ছিলেন।
এই আসনে মোট চারজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। এরমধ্যে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট। এছাড়া জাতীয় পার্টি মনোনিত লাঙ্গল প্রতীকের প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান পেয়েছেন ২ হাজার ৫৮৬ ভোট এবং জাকের পার্টি মনোনিত গোলাপ ফুল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস পেয়েছেন ৮ হাজার ৮৭ ভোট।