
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. হারুন-অর-রশিদ গত রোববার দুপুরে তাঁর নির্বাচনী আসন পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে অঙ্গীকার করেন।
পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর। অনুষ্ঠানে তিন উপজেলার আড়াই শতাধিক বীর মুক্তিযোদ্ধা ছাড়াও জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম সোহরাবের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য প্রয়াত সিরাজ মৃধার স্ত্রী মাকসুদা সিরাজ, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাংঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বালিয়াকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই শামসছ নওরোজ, কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কাজী শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি লুতফর রহমান, রাজবাড়ী সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা একেএম ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মুন্সী প্রমূখ।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধারা বলেন, দেশে বর্তমানে দুটি ধারা চলছে। একটি হচ্ছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল এবং অপরটি হচ্ছে মুক্তিযুদ্ধের পরাজিত দল। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এবং একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। শহীদ জিয়াকে স্মরণ করতে এবং মুুক্তিযুদ্ধের ক্ষেত্রে কোন আপোষ না করতে বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। এক্ষেত্রে আমরা তিন উপজেলার মুক্তিযোদ্ধারা বিএনপির প্রার্থী মো. হারুন-অর-রশি কে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের আহ্বানে হারুন-অর-রশিদ মতবিনিময় করছেন। আমরা বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে অঙ্গীকার করছি।
মতবিনিময় অনুষ্ঠানের শেষে দর্শক গ্যালারী থেকে মঞ্চে উঠে এসে বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. হারুন-অর-রশিদ। এ সময় হারুন-অর-রশিদ বলেন, আপনারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান। আপনাদের আসনে বা মঞ্চে বসার সাহস বা যোগ্যতা কোনটাই আমার নেই। আমি আপনাদের ভাতিজা বা ছেলের সমতুল্য। আজ সকল বীর মুক্তিযোদ্ধারা একত্রিত হয়েছেন দেখে আমি সত্যিই পুলকিত। আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে প্রত্যাশা করছি। এছাড়া বিএনপি সরকার গঠন করতে পারলে মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা আরো বাড়ানো হবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন।