
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলা কারাগারের বন্দিদের মধ্যে ৭৩ জন কারাবন্দি পোস্টাল ব্যালটে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। একই সঙ্গে তাঁরা গণভোটে অংশ গ্রহণ করেছেন। গত শনিবার, পরদিন গতকাল রোববার এবং আজ সোমবার সকালে তাঁদের ভোট গ্রহণ করা হয়েছে।
এর আগে গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ৭০ জন কারাবন্দির পোস্টাল ব্যালটে ভোটের কথা বলা হলেও বাকি ৩জনের পোস্টাল ব্যালট রোববার রাতে তাঁদের হাতে এসে পৌছে। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেল সুপার মো. এনামুল কবির।
জেলা কারাগার সূত্র জানায়, রাজবাড়ী শহরের বাগমারায় অবস্থিত জেলা কারাগারের মোট বন্দির সংখ্যা ৫২১ জন। এছাড়া হাজতি রয়েছেন ৩৫৫ জন এবং সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন ১৬৫ জন। এরমধ্যে একমাত্র শ্রেণিপ্রাপ্ত বন্দি হিসেবে আছেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। মোট কারাবন্দির মধ্যে পুরুষ কারাবন্দি রয়েছেন ৫০২ জন এবং নারী কারাবন্দি আছেন ১৯ জন। মোট ৫২১ জন কারাবন্দির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটের জন্য নিবন্ধন করেন ৭৩ জন বন্দি।
রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মো. এনামুল কবির বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট এবং গণভোট প্রদানের জন্য মোট ৭৩ জন কারাবন্দি নিবন্ধন করেন। এরমধ্যে গতকাল রোববার পর্যন্ত ৭০ জনের পোস্টাল ব্যালট আমাদের হাতে এসে পৌছে। বাকি ৩ জনের পোস্টাল ব্যালট নির্বাচন কমিশন থেকে গতকাল রোববার রাতে আমাদের হাতে এসে পৌছে। এছাড়া ইতোমধ্যে ২৪ জন কারাবন্দি জামিনে বের হয়ে গেছেন।
জেল সুপার আরও জানান, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য কারাগারের অফিস কক্ষে দুইটা বুথ স্থাপন করা হয়। ওই বুথে গোপনীয়তার সাথে শনিবার (৭ ফেব্রুয়ারি) এবং পরদিন রোববার (৮ ফেব্রুয়ারি) ৬৯ জন বন্দি তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া একজন বন্দি অসুস্থ্য অবস্থায় ফরিদপুর চিকিৎসাধীন থাকায় তাঁর ভোটটি রোববার ফরিদপুর থেকে গ্রহণ করা হয়। সর্বশেষ রোববার রাতে তিনজনের পোস্টাল ব্যালট হাতে এসে পৌছলে সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে তাদেরও ভোট গ্রহণ করা হয়।