
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী-১ আসনে (সদর ও গোয়ালন্দ) ১১ দলীয় জোটের আয়োজনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সোমবার বিকেলে নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোয়ালন্দ বাজার শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে আয়োজিত সমাবেশ বিকেল চারটা বাজার আগেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসতে থাকেন।সাড়ে চারটার দিকে আলোচনা সভা শেষ করে গণমিছিল বের হয়। মিছিলটি গোয়ালন্দ বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার কুমড়াকান্দি হয়ে প্রায় দুই কিলোমিটার এলাকা ঘুরে পুনরায় বাজারের সমাবেশস্থলে এসে শেষ হয়।
সমাবেশে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম বলেন, এই রাজবাড়ী সহ সারাদেশের মানুষ জানে কারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি করে চলে। চাঁদাবাজি তাঁদের পেশা, সন্ত্রাসী তাদের পেশা। চাঁদাবাজি, টেন্ডারবাজি করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। চাঁদাবাজদের মানুষ আর ভোট দিবে না। তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায়না।
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে সন্ত্রাসমুক্ত নির্বাচন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে চাঁদাবাজমুক্ত নির্বাচন। তিনি আরও বলেন, আমাদের প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। রাতের বেলায় ব্যানার ছিড়ে ফেলা হচ্ছে। আমাদের কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। আমি আপনাদের এলাকার ছেলে। আপনারা আমাকে ভোটে নির্বাচিত করলে চাঁদাবাজি থাকবে না। মাদক কারবারী ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা হবে।
গোয়ালন্দ উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর, কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. নূরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা আমীর আক্তারুজ্জামান, গোয়ালন্দ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দীন প্রামানিক, ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি গোয়ালন্দ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান রাকিব, খেলাফত মজলিশ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসেম প্রমূখ।