
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. নাসিরুল হক সাবু নির্বাচণী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা উপজেলার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন নাসিরুল হক সাবুর ভাই এ আর মাহমুদুল হক রোজেন।
নাসিরুল হক সাবু সাবেক সংসদ সদস্য, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তবে দলীয় ধানের শীষের প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করায় দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে ২১ জানুয়ারি তাঁকে (নাসিরুল হক সাবু) দলের প্রাথমিক পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
নাসিরুল হক সাবুর ইশতেহারে অঙ্গিকারগুলো হলো- ১. শিক্ষা ও তরুণদের জন্য অঙ্গিকার, ২. নারীদের জন্য অঙ্গীকার, ৩. বয়ষ্ক ও প্রতিবন্ধীদের জন্য অঙ্গীকার, ৪. পেশাজীবি ও শ্রমিকদের জন্য অঙ্গীকার, ৫. শিশুদের জন্য অঙ্গীকার, ৬. কৃষকদের জন্য অঙ্গীকার, ৭. ব্যবসায়ীদের জন্য অঙ্গীকার, ৮. অমুসলিমদের জন্য অঙ্গীকার এবং ৯. সার্বজনীন অঙ্গীকার।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীর প্রধান এজেন্ট এবিএম নাজিমুদ্দিন আহম্মেদ অভিযোগ করেন, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. হারুন-অর-রশিদের সমর্থকেরা তাদের নির্বাচনী প্রচারণার বাধা ও হুমকি দিয়ে আসছেন। এ বিষয়ে তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু, সাবেক এমপি ছদরুল আমিন হাবিব, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদ সহ তাঁর সমর্থিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।