
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী কাজী মিনহাজুল আলম। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পাংশা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
এর আগে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. হারুন-অর রশিদ নির্ধারিত ২০ জানুয়ারি তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তাঁদের এগারো দলীয় জোট প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টির-এনসিপির জামিল হিজাযী নির্বাচন করছেন।
সংবাদ সম্মেলনে কাজী মিনহাজুল আলম বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী ২০ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল। কিন্তু নানা পারিপার্শ্বিক এবং আমার নিজের অসুস্থতার কারণে নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে পারিনি।
তিনি আরও বলেন, এ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির শাপলা কলি প্রতীক নিয়ে জামিল হিজাযী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদ, খেলাফত মজলিস রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, বালিয়াকান্দি উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন প্রমূখ।
রাজবাড়ী-২ আসনে এগারো দলীয় জোট থেকে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী হিসেবে জামিল হিজাযীকে মনোনীত করা হয়। অন্যদিকে এগারো দলীয় জোটের শরিক দলে থেকে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী কাজী মিনহাজুল আলম মনোনয়নপত্র প্রত্যাহার না করায় নানা ধরনের গুঞ্জন দেখা দেয়। এ বিষয়ে তিনি জানান, খেলাফত মজলিস এগারো দলীয় জোটের শরিকদল হলেও কয়েকটি আসন উম্মুক্ত করে রেখেছে। তাদের মধ্যে রাজবাড়ী-২ আসন একটি। সে হিসেবে তিনি তাঁর কর্মী সমর্থকদের নিয়ে প্রতিনিয়ত নির্বাচনী প্রচারণা চালান। অতপর দলীয় সিদ্ধান্তে তিনি আজ নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন।
রাজবাড়ী-২ আসনে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মো. হারুন-অর-রশিদ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির শাপলা কলি প্রতীকের জামিল হিজাযী, গণঅধিকার পরিষদের (জিওপি) ট্রাক প্রতীকের জাহিদ সেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী মোহাঃ আব্দুল মালেক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) ছড়ি প্রতীকের মো. আব্দুল মালেক মন্ডল, স্বতন্ত্র কলস প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. শফিউল আজম খান এবং স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী সোহেল মোল্লা।
রাজবাড়ী-২ আসনে মোট ২৪টি ইউনিয়নে ভোটকেন্দ্রের সংখ্যা ১৯৮টি। ভোটকক্ষের সংখ্যা স্থায়ী ১,১৮১টি ও অস্থায়ী ২২টি সহ মোট ১,২০৩টি। মোট ভোটার সংখ্যা ৫,৫১,৬০৭জন। এরমধ্যে পুরুষ ২,৭৮,৭৬৫ জন এবং নারী ভোটার সংখ্যা রয়েছে ২,৭২,৮৩৭জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছে ৫ জন।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রিফাতুল হক বলেন, নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়টি জানা নেই। তবে এখন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও নির্বাচনে মোট ৯জন প্রার্থীর মধ্যে ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কারণ প্রার্থীতা প্রত্যাহারের তারিখ অনেক আগে শেষ হয়েছে।