প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
গোয়ালন্দে হাইব্রিড টমেটো চাষে ভালো ফলনের আশা, খেত পরিদর্শনে কৃষি কর্মকর্তা’
||
মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধন সীড বাজারজাত করা হাইব্রিড জাতের টমেটো চাষ করে ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। দৌলতদিয়া চর কর্নেশন এলাকার বিস্তীর্ণ কৃষিজমিতে আবাদ করা ‘বিজিএল ৭৫৭’ জাতের টমেটোর ফলন ও গুণগত মান দেখতে মাঠ পরিদর্শন করেছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে মাঠ দিবস ও কৃষক সমাবেশের।সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের সীমান্তবর্তী চর কর্নেশন এলাকায় বন্ধন জেনেটিকস লিমিটেডের উদ্যোগে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে কৃষি বিভাগের কর্মকর্তারা ও বন্ধন সীডের প্রতিনিধিরা কৃষকদের আবাদ করা টমেটোখেত পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনামুল হক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল, গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা, বন্ধন জেনেটিকস লিমিটেডের যশোর জোনের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম, ফরিদপুর জোনের বিক্রয় ব্যবস্থাপক মো. সানোয়ার হোসেন এবং গোয়ালন্দ বাজারের আদ-দ্বীন কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী ও প্রতিষ্ঠানটির পরিবেশক মোহাম্মদ হুমায়ুন আহমেদসহ স্থানীয় কৃষকেরা।মাঠ দিবসে বন্ধন জেনেটিকস লিমিটেডের যশোর জোনের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, ‘বিজিএল ৭৫৭’ জাতের টমেটো ইয়েলো লিফ কার্ল ভাইরাস (টিওয়াইএলসিভি) সহনশীল। এ জাতের টমেটোর ফল ডিম্বাকৃতির ও উজ্জ্বল লাল রঙের। শাঁস বেশি এবং বীজের প্রকোষ্ঠ কম। ফল শক্ত হওয়ায় দূরপাল্লায় পরিবহনের জন্যও উপযোগী। প্রচলিত জাতের তুলনায় এ জাতের টমেটো ৫ থেকে ৭ দিন আগে সংগ্রহ করা যায়। প্রতিটি ফলের গড় ওজন ১১০ থেকে ১৩০ গ্রাম। ভালো ফলন কৃষকদের আর্থিকভাবে লাভবান করতে সহায়ক হবে বলে তাঁরা আশা করছেন।শরিফুল ইসলাম আরও বলেন, মাঠ দিবসের পর সোমবার সন্ধ্যায় দৌলতদিয়া আক্কাস আলী হাইস্কুলের পাশে প্রায় ২০০ জন কৃষকের অংশগ্রহণে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।মাঠে টমেটোর ফলন ও গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন কয়েকজন কৃষক। তাঁদের ভাষ্য, টমেটোর আকর্ষণীয় রং, ফলের আকার ও ভালো ফলনের সম্ভাবনা দেখে তাঁরা আশাবাদী। জাতটি স্থানীয় কৃষকদের মধ্যেও সাড়া ফেলেছে।রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এনামুল হক বলেন, ‘বিজিএল ৭৫৭’ একটি উচ্চফলনশীল জাত। স্বল্প সময়ের মধ্যে এ জাতের টমেটো ফলন দিতে সক্ষম। এক বিঘা জমিতে টমেটো চাষ করে ফসল ঘরে তোলা পর্যন্ত একজন কৃষকের প্রায় এক লাখ টাকা খরচ হয়। রোগবালাইয়ের আক্রমণ না হলে উৎপাদিত টমেটো বিক্রি করে খরচ বাদে দুই থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।তিনি আরও বলেন, গোয়ালন্দ উপজেলা কৃষি কার্যালয়ের পরামর্শ ও সহযোগিতায় চলতি মৌসুমে উপজেলায় শীতকালীন ফসল হিসেবে প্রায় ৩৫০ একর জমিতে টমেটোর আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাইয়ের প্রকোপ কম হলে এবার টমেটো চাষ করে কৃষকেরা লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল