প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, এখনো উদ্ধার হয়নি
||
ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক দিয়ে পথ আটকে দেশীয় অস্ত্রের মুখে একটি গরুবাহী ট্রাকের নিয়ন্ত্রণ নেয় ডাকাত দলের সদস্যরা। পরে ব্যবসায়ীদের মারধর করে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ১১টি গরু, মুঠোফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। এ সময় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন দুই গরু ব্যবসায়ী। ঘটনার পর এক দিন পেরিয়ে গেলেও লুট হওয়া গরুগুলো উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কাউকে আটকও করা যায়নি।সোমবার (১৬ নভেম্বর) ভোররাত পৌনে চারটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে ডাকাত দলের সদস্যরা গরুগুলো নিজেদের ট্রাকে তুলে রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ে যান।আহত দুই ব্যবসায়ী হলেন বরগুনার আমতলী উপজেলার গাজীপুর এলাকার বাসিন্দা হেলাল গাজী ও ইলিয়াস মৃধা। ঘটনার সময় তাঁদের সঙ্গে আরও দুজন সহকর্মী ছিলেন। তাঁরা বগুড়া থেকে গরু কিনে ভোলায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় সোমবার রাতে হেলাল গাজী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় ডাকাতির মামলা করেছেন।ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, সোমবার ভোররাতে পাংশা উপজেলার একটি হোটেলে খাবার খেয়ে গরুবাহী ট্রাক নিয়ে রাজবাড়ী শহরের দিকে রওনা হন তাঁরা। পথে কালুখালী উপজেলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক এসে তাঁদের ট্রাকের গতিরোধ করে। এ সময় ওই ট্রাক থেকে ১০ থেকে ১২ জন ব্যক্তি নেমে দেশীয় অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করেন। একপর্যায়ে তাঁরা গরুবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে রাজবাড়ী শহরের শ্রীপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ে যান।সেখানে ডাকাত দলের সদস্যরা নিজেদের ট্রাকে একে একে ১১টি গরু তুলে নেন। এর মধ্যে আটটি গাভি ও তিনটি বাছুর ছিল। এ সময় ব্যবসায়ীদের কাছে থাকা মুঠোফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেন তাঁরা। ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে দুই ব্যবসায়ী আহত হন। পরে গরু ও অন্যান্য মালামাল লুট করে ব্যবসায়ীদের ট্রাকটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যান তাঁরা।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, কালুখালী এলাকা থেকে গরুবাহী ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে ডাকাত দলের সদস্যরা রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় যান। সেখানে ব্যবসায়ীদের মারধর করে আটটি গাভি ও তিনটি বাছুর লুট করা হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। লুট হওয়া গরু উদ্ধারে অভিযান চলছে। সোমবার রাতে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল