প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে- রাজবাড়ীতে সংস্কৃতিমন্ত্রী
||
হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ মীর মশাররফ হোসেনের মতো কালজয়ী সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাঁর স্মৃতি সংরক্ষণ এবং রাজবাড়ীর পদমদীতে অবস্থিত স্মৃতিকেন্দ্রকে সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।শুক্রবার (১৩ নভেম্বর) কালজয়ী উপন্যাস বিষাদসিন্ধুর রচয়িতা সাহিত্যিক ও নাট্যকার মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পদমদীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।নিতাই রায় চৌধুরী বলেন, বিগত সময়ে যাঁরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তাঁদের সময়ে সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। একটি জাতির প্রকৃত বিকাশে সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসচর্চার গুরুত্ব অপরিসীম।বাংলা একাডেমির আয়োজনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, জেলা প্রশাসক আফরোজা পারভীনসহ আমন্ত্রিত অতিথিরা। এ ছাড়া বাংলা একাডেমি, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সমাধিস্থলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এরপর স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা পরিদর্শন করেন অতিথিরা। পরে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।তিনি বলেন, মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। তাঁর রচিত বিষাদসিন্ধু বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অথচ তাঁর স্মৃতিবিজড়িত পদমদীর স্মৃতিকেন্দ্রটি আরও সমৃদ্ধ ও আধুনিক করা প্রয়োজন।হারুন-অর-রশিদ আরও বলেন, নতুন প্রজন্মের কাছে মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম তুলে ধরতে স্মৃতিকেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন, সমৃদ্ধ পাঠাগার ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি পদমদীতে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মো. সেলিম রেজা।শুভেচ্ছা বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি মুন্সী আমির আলী, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক শাহজালাল এবং বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ ।অনুষ্ঠানে মীর মশাররফ হোসেনের জীবন, সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অবদান নিয়ে প্রবন্ধ পাঠ করেন লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। আলোচক হিসেবে বক্তব্য দেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর সভাপতি অধ্যাপক সালাম তাসির এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক সাইফুর রহমান (খোকন মাহমুদ)।আলোচকেরা বলেন, মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আরও গবেষণা এবং সাহিত্যচর্চার সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে স্মৃতিকেন্দ্রের যথাযথ সংরক্ষণ ও আধুনিকায়নের মাধ্যমে এটিকে দেশ-বিদেশের সাহিত্যপ্রেমী ও গবেষকদের আকর্ষণের কেন্দ্র হিসেবে গড়ে তোলা প্রয়োজন।আলোচনা সভা শেষে দিনব্যাপী মীরের মেলায় চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিকেলে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল