প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
গোয়ালন্দে দুই পুকুরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার মাছ মরে যাওয়ার অভিযোগ
||
শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে দুটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মাছচাষি বায়েজিদ মৃধা (৩০)। ছয় মাস ধরে পরিচর্যা করে বড় করা মাছ মরে যাওয়ায় তাঁর মাছ চাষের স্বপ্ন ভেঙে গেছে। এ ঘটনায় বিপাকে পড়েছেন ঋণ নিয়ে মাছ চাষ করা এই যুবক।মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দিরাজ উল্লা মৃধাপাড়ায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মাছচাষি বায়েজিদ ওই গ্রামের মজিবর রহমান মৃধার ছেলে।আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে সরেজমিনে পুকুর দুটিতে মরা মাছ ভেসে থাকতে দেখা যায়।বায়েজিদ মৃধা জানান, তাঁদের নিজেদের প্রায় আট বিঘা আয়তনের দুটি পুকুর রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা সেখানে মাছ চাষ করছেন। প্রায় ছয় মাস আগে পুকুর দুটিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন তিনি। নিয়মিত পরিচর্যায় মাছগুলো বড় হয়ে বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। আশা ছিল, মাছ বিক্রি করে ১৫ থেকে ১৬ লাখ টাকা আয় করবেন। কিন্তু দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে তাঁর সেই স্বপ্ন শেষ করে দিয়েছে।বায়েজিদ আরও বলেন, মাছ চাষের জন্য তিনি কৃষি ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়েছেন। মাছ বিক্রির টাকা দিয়ে ঋণের কিস্তি পরিশোধের পরিকল্পনা ছিল তাঁর। এখন মাছ মরে যাওয়ায় কীভাবে ঋণের কিস্তি পরিশোধ করবেন, তা বুঝতে পারছেন না। বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে তাঁর সংসার। মাছের খামারের আয় দিয়েই পরিবারের ভরণপোষণ চলত। এখন সংসার কীভাবে চালাবেন, তা নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তিনি।বায়েজিদের বাবা মজিবর রহমান মৃধা বলেন, তাঁর ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। কারও সঙ্গে ঝামেলাও নেই। তারপরও কারা এবং কী কারণে তাঁদের এত বড় ক্ষতি করল, তা বুঝতে পারছেন না।মজিবর রহমান আরও বলেন, বুধবার সকালে তাঁরা পুকুরপাড়ে গিয়ে ছোট-বড় অসংখ্য মাছ মরে ভেসে থাকতে দেখেন। পরে জাল দিয়ে মরা মাছ সংগ্রহ করে বাজারে নিয়ে বিক্রি করেন। তবে সেগুলোর তেমন দাম পাওয়া যাচ্ছে না। সারা দিনই পুকুরে নতুন করে মাছ মরে ভেসে উঠছে। অনেক মাছ মরে পুকুরের তলদেশে ডুবে যাচ্ছে।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি জেনেছেন। এটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত মাছচাষি বায়েজিদ মৃধা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হবে।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল