প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে মাকে সঙ্গে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতার মিছিল, ছাত্রলীগের পাঁচকর্মী গ্রেপ্তার
||
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ শেখ হাসিনার আগমন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় মাকে সঙ্গে নিয়ে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মো. নজরুল ইসলাম।শনিবার (৭ নভেম্বর) ভোর ছয়টার দিকে পাংশা উপজেলার একটি আঞ্চলিক সড়কে প্রায় অর্ধশত নেতা-কর্মীকে নিয়ে তিনি এ মিছিল করেন। ওই দিন রাতে মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।এ ঘটনায় ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা-পুলিশ। রোববার (৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাগমারা গ্রামের সাইফুল ইসলাম প্রামাণিক (২০), ইরান প্রামাণিক (২২), রাব্বি হোসেন (২২) এবং মেঘনা উত্তরপাড়া গ্রামের নয়ন মোল্লা (২০) ও সুহান শেখ ওরফে সোহান (২৩)।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল হোসেন বলেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা মডেল থানায় দায়েরকৃত নাশকতার মামলায় পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। ছাত্রলীগের আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য কমিটির সহসভাপতি ছিলেন নজরুল ইসলাম। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মিছিলের ভিডিও ও ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায়, একটি ব্যানারের সামনে মাকে সঙ্গে নিয়ে স্লোগান দিচ্ছেন নজরুল। পেছনে ব্যানার ধরে আরও কয়েকজন নেতা-কর্মী রয়েছেন। তাঁদের অধিকাংশের মুখে মাস্ক ছিল।ব্যানারে লেখা ছিল, ‘বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার ডিসেম্বরে আগমন উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কর্তৃক স্বাগত মিছিল’। ব্যানারের এক পাশে শেখ হাসিনা এবং অন্য পাশে নজরুল ইসলামের ছবি ছিল। নিচে তাঁর পরিচয় উল্লেখ করা হয়েছে—মো. নজরুল ইসলাম, সাবেক সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ।ছবি ও ভিডিও পোস্ট করে নজরুল ইসলাম লেখেন, নিজের গ্রামের রাস্তা থেকেই তাঁরা আন্দোলন শুরু করছেন। পাংশা ও রাজবাড়ীর সঙ্গে নিজের শৈশব ও বেড়ে ওঠার সম্পর্কের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘এই ঘর থেকেই মুক্তির আন্দোলন শুরু করছি।’ফেসবুক পোস্টে নজরুল আরও দাবি করেন, ২০২৫ সালের জানুয়ারিতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা হামলার শিকার হয়েছিলেন। এরপর একাধিকবার হুমকি ও হামলার মুখে পড়েছেন তাঁরা। দীর্ঘদিন হাঁটতে না পারলেও বর্তমানে তাঁর পায়ের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।নজরুল ইসলাম বলেন, ‘দেশের এই ক্রান্তিকালে বঙ্গবন্ধুকন্যার বিকল্প নেই। তাই নিজের ঘর থেকে আন্দোলন-সংগ্রাম শুরু করতে হবে।’ এ ধারাবাহিকতায় শনিবার ভোর ছয়টার দিকে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাছপাড়া-সেনগ্রাম সড়কের মেঘনা এলাকায় নিজেদের বাড়ির কাছ থেকে প্রায় অর্ধশত ছাত্রলীগের নেতা-কর্মীকে নিয়ে মিছিল করেন তাঁরা। এ সময় তাঁদের সাহস জোগাতে তাঁর মা আসমানী খাতুনও মিছিলে যোগ দেন। তবে হামলার আশঙ্কায় মিছিলটি এক থেকে দুই মিনিটের বেশি স্থায়ী হয়নি বলে জানান তিনি।নজরুল ইসলাম আরও বলেন, ৫ আগস্টের পর তাঁদের বাড়িতে একাধিকবার হামলা হয়েছে। এমনকি তাঁর মাকেও নির্যাতন করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে বলে দাবি করেন তিনি। মিছিলের পর শনিবার রাতে পুলিশ একাধিকবার তাঁদের বাড়িতে গেছে। হামলা ও মামলার আশঙ্কায় তাঁর মা-বাবা বর্তমানে বাড়িতে নেই। তবে এসবের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান এই সাবেক ছাত্রলীগ নেতা।সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. রাকিবুর রহমান বলেন, শনিবার ভোরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের বিষয়ে রাতে জানতে পেরে পুলিশ পাঠানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিও ও ছবিও পুলিশের হাতে এসেছে। বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল