প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
রোহান হত্যা: মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ ও মানববন্ধন
||
ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের কলেজছাত্র ফুহাদ চৌধুরী রোহান হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও অর্থের জোগানদাতাদের গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং মামলার বাদীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে।রোববার (২৫ অক্টোবর) দুপুরে ‘এলাকাবাসী ও রোহানের সহপাঠীবৃন্দ’ ব্যানারে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে রোহানের স্বজন, সহপাঠী, এলাকাবাসী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।মানববন্ধনে রোহানের বাবা ফরহাদ চৌধুরী অভিযোগ করেন, রাসেল সরদার, লিটন সরদার, মিলন সরদার, রাজীব সরদার, খোকন সরদার, টোকন সরদার ও সুমন সরদার বিদেশে অবস্থান করে নির্দেশনা ও অর্থের জোগান দিয়ে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। এ ঘটনায় স্থানীয়ভাবে জড়িত কয়েকজন গ্রেপ্তার হলেও অভিযুক্ত ওই সাতজন এখনো বিদেশে রয়েছেন বলে দাবি করেন তিনি।ফরহাদ চৌধুরী আরও অভিযোগ করেন, বিদেশে অবস্থানরত অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে হত্যার হুমকি দিচ্ছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে, যা তিনি মিথ্যা বলে দাবি করেন। নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি অভিযুক্ত ব্যক্তিদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব ও রেজাউল করিম শিকদার পিন্টু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এহসানুল করিম চৌধুরী হিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, জিয়া সৈনিক দলের সভাপতি মোহাব্বত হোসেন খোকন, ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।বক্তারা রোহান হত্যা মামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি যথাযথভাবে পর্যালোচনার আহ্বান জানান তাঁরা।স্মারকলিপিতে হত্যা মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত বিদেশে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিহতের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।যেভাবে উদ্ধার হয় রোহানের মরদেহঃগত ৫ অক্টোবর বিকেল চারটার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বের হন রোহান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর সন্ধান না পেয়ে পরদিন ৬ অক্টোবর রাজবাড়ী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। পরে ৮ অক্টোবর বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের পাকুড়িকান্দা গ্রামের দিলীপ সেনের একটি পরিত্যক্ত ডোবা থেকে রোহানের বস্তাবন্দী ও পেট কাটা মরদেহ উদ্ধার করা হয়।এ ঘটনায় ৯ অক্টোবর রোহানের বাবা ফরহাদ চৌধুরী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করেন। পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল