প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
গোয়ালন্দে ভূমি অফিসে হয়রানি, সার বরাদ্দ, মাদকের বিস্তার, অবৈধ ড্রেজিং নিয়ে আইনশৃঙ্খলা সভায় উদ্বেগ প্রকাশ
||
শামীম শেখ ও মঈনুল হক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের হয়রানি, সার বরাদ্দে অসংগতি, অবৈধ ড্রেজিং, বালু-মাটি উত্তোলন, কিশোর গ্যাংয়ের উৎপাত ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সভায় অংশ নেওয়া অনেকে। তারা এ সকল সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও নজরদারি জোরদারের আহবান জানান। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা। সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু সার সংকট ও বরাদ্দের বিষয়টি তুলে ধরে বলেন, গোয়ালন্দ উপজেলায় কেন সারের সংকট তৈরি হচ্ছে? সব ডিলারের বরাদ্দের মধ্যে কোনো একজন ডিলার কেন বেশি সার পাচ্ছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি বলেন, উপজেলার বিভিন্ন স্থানে ড্রেজিং ও বালু-মাটি উত্তোলনের বিষয়টি আলোচনায় আসছে। বালু-মাটি ছাড়া অনেক ক্ষেত্রে মানুষের ঘরবাড়ি নির্মাণ সম্ভব হয় না। সম্প্রতি একটি সড়কের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিলেও সেখানে মেরামতের জন্য বালু পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন। মুন্নু মোল্লা বলেন, ইটভাটাসহ বিভিন্ন প্রয়োজনে যারা ড্রেজিংয়ের মাধ্যমে মাটি উত্তোলন করতে চান, তাদের আইনানুগভাবে আবেদন করতে হবে। প্রশাসন তদন্ত করে অনুমোদন দিলে তবেই সংশ্লিষ্ট কাজ করা যাবে। কোনোভাবেই বেআইনিভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা যেন না হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। গোয়ালন্দ পৌরসভা জামায়াতের আমির মাওলানা জালাল উদ্দিন প্রামানিক বলেন, উপজেলার অধিকাংশ ইউনিয়ন ভূমি অফিসে সাধারণ মানুষ সেবা নিতে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। কোনো কোনো ভূমি কর্মকর্তা অতিরিক্ত টাকা দিলে কাজ না করে দেওয়ার আশ্বাস দেন বলেও তিনি অভিযোগ করেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। জালাল উদ্দীন প্রামানিক গোয়ালন্দ পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে কিশোর গ্যাংয়ের উৎপাত বৃদ্ধির বিষয় তুলে ধরে আরও বলেন, অল্প বয়সী কিছু ছেলে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে বিভিন্ন সময়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। সভায় মাদক দ্রব্যের অবাধ বৃদ্ধি, বাল্যবিবাহ এবং অবৈধ মাটি উত্তোলন নিয়েও আলোচনা সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরদার নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদকের ক্রমবর্ধমান বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাদকবিরোধী অভিযান জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। এ ছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, মানব পাচার প্রতিরোধ, অবৈধ ড্রেজিং বন্ধ, বালু ও মাটি উত্তোলন নিয়ন্ত্রণ, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন এবং মহাসড়কে মাটি পরিবহন নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহম্মেদ, সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম তিতাস সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। সভাপতি ইউএনও সাইফুল হুদা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট সকল দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। প্রশাসনের একার পক্ষে এ সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন খুবই কষ্টকর। এজন্য আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল