প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে নৌকাবাইচে দুই নৌকার সংঘর্ষ, নৌকাডুবি ও হামলায় আহত ২০
||
হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোদারবাজার এলাকায় পদ্মা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার শেষ পর্যায়ে দুই নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকাডুবি ও হামলায় অন্তত ২০ জন মাঝি আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার লালগোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও আয়োজক কমিটির সদস্যরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান।স্থানীয় বাসিন্দারা জানান, তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার শনিবার ছিল শেষ দিন। সন্ধ্যা ছয়টার দিকে প্রতিযোগিতার শেষ পর্যায়ে পাবনার আমিনপুর থানার ‘নিউ শাড়িরভিটা’ ও কুষ্টিয়ার ‘নিউ জনতা সংগ্রাম’ নামের দুটি নৌকার মধ্যে সংঘর্ষ হয়। গোদারবাজার থেকে ভাটির দিকে উড়াকান্দা এলাকায় যাওয়ার পথে স্বল্প আলোয় নৌকা দুটি ভালোভাবে দেখা যাচ্ছিল না। এ সময় প্রতিযোগিতায় তুমুল লড়াই চলছিল। স্থানীয়দের ভাষ্য, লালগোলা এলাকায় একপর্যায়ে নিউ শাড়িরভিটা নৌকাটি কিছুটা এগিয়ে গেলে নিউ জনতা সংগ্রাম নৌকাটি সেটির ডান পাশে ধাক্কা দেয়। এতে নিউ শাড়িরভিটা নৌকাটি ডুবে যায়। এ সময় দুই নৌকার মাঝিদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, নিউ জনতা সংগ্রাম নৌকার মাঝিরা বাঁশ, লাঠি ও বৈঠা দিয়ে নিউ শাড়িরভিটা নৌকার মাঝিদের মারধর করেন। এতে অন্তত ২০ জন আহত হন।রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন নিউ শাড়িরভিটা নৌকার মাঝি রওশন সরকার ও লতিফ সরকারসহ কয়েকজন বলেন, তাঁদের নৌকায় ৭৫ থেকে ৮০ জন মাঝি ছিলেন। প্রতিযোগিতায় তাঁরা এগিয়ে ছিলেন। এ সময় নিউ জনতা সংগ্রাম নৌকাটি ডান পাশ থেকে তাঁদের নৌকায় ধাক্কা দেয়। এতে তাঁদের নৌকাটি ডুবে যায়। পরে অপর নৌকার মাঝিরা বাঁশ, লাঠি ও বৈঠা দিয়ে তাঁদের মারধর করেন।নৌকাবাইচ আয়োজক কমিটির সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল বলেন, প্রতিযোগিতার সময় কুষ্টিয়ার নিউ জনতা সংগ্রাম নৌকাটি পাবনার নিউ শাড়িরভিটা নৌকার চেয়ে কিছুটা পিছিয়ে ছিল। এ সময় ডান পাশ থেকে ধাক্কা দিলে নিউ শাড়িরভিটা নৌকাটি ডুবে যায়। পরে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। আমরা এ বিষয়ে কুষ্টিয়ার নিউ জনতা নৌকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি ও দুর্ঘটনা বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ও সুপারভাইজার রাজীব দে সরকার বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার পর একে একে আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে ভর্তি করা হয়েছে। অন্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের বেশির ভাগের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, সন্ধ্যায় স্বল্প আলোয় প্রতিযোগিতা চলার সময় নিরাপত্তার জন্য তাঁরা স্পিডবোট নিয়ে নৌকার পিছনে অবস্থান করছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুই নৌকার সংঘর্ষে নিউ শাড়িরভিটা নামের নৌকাটি ডুবে যায়। ফায়ার সার্ভিস ও আয়োজক কমিটির সহযোগিতায় দ্রুত নৌকাটির ৭৫ থেকে ৮০ জন মাঝিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার গোদারবাজার এলাকায় পদ্মা নদীর পাড়ে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। নৌকাবাইচ ও গ্রামীণ সংস্কৃতি উদ্যাপন পরিষদের ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মীর মনির হোসেনসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল