প্রিন্ট এর তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়ায় বাসে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
||
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাস আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে মুক্তার হোসেন মোল্লা (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মুক্তার হোসেন মোল্লা গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ফৈজুদ্দিন মাতুব্বর পাড়ার আরজান মোল্লার ছেলে। এছাড়া সে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরের দিকে মুক্তারের নিজ বাড়ি হতে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এর আগে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনবাগত রাত ১ টার দিকে মা ক্লাসিক্যাল নামের ওই লোকাল বাসটিতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আগুনে বাসটির অনেকাংশ পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।এ ঘটনায় বাস মালিক এসএম সুলতান আহমদ বাদী হয়ে পরদিন রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে আতঙ্ক সৃষ্টির জন্য বাসে এ অগ্নিসংযোগ করা হতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়।গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম জাানান, সন্ধিগ্ধ আসামী হিসেবে মুক্তার হোসেন মোল্লাকে বাস পোড়ানোর ঘটনায় গ্রেপ্তারের পর সোমবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। সে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক বলে জানতে পেরেছি। এ ঘটনায় মামলার তদন্ত কাজ চলমান রয়েছে।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল