প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গোয়ালন্দে আলোচনা সভা ও দোয়া মাহফিল
||
মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার যোহর নামাজের পর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদে এ আয়োজন করা হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আয়ুব আলী খান, সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, সরকারি গোয়ালন্দ কামরুল কলেজ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নজির হোসেন মোল্লা, গোয়ালন্দ শহর জামায়াতের আমির মো. জালাল উদ্দীন প্রামানিক প্রমুখ।পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মুফতি আজম আহমাদ।এ সময় বক্তারা বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ে তুলতে পারলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। হযরত মুহাম্মদ (সা.) ছিলেন ‘আল-আমিন’—সত্যবাদিতার অনন্য দৃষ্টান্ত। অথচ বর্তমান সমাজে মানুষ অনেক সময় মিথ্যার আশ্রয় নেয়। নিঃস্বার্থ হওয়ার পরিবর্তে স্বার্থপরতা, পরমতসহিষ্ণুতার পরিবর্তে অসহিষ্ণুতা এবং অন্যের প্রতি দয়া প্রদর্শনের পরিবর্তে জুলুমের প্রবণতা দেখা যায়। মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে এসব নেতিবাচক প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।তারা আরও বলেন, মহানবী (সা.) ছিলেন পূর্ণাঙ্গ মহামানব। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মিথ্যা, অপবাদ, অন্যায়, অপকর্ম, হিংসা, বিদ্বেষ, উগ্রতা, অহংকার ও অহমিকা পরিহার করে মানুষের প্রতি সহমর্মিতা, সহিষ্ণুতা ও ন্যায়পরায়ণতার চর্চা করতে হবে। মানুষের কথা, কাজ ও আচরণে মহানবী (সা.)-এর আদর্শের প্রতিফলন ঘটাতে পারলে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব হবে। এ ছাড়া মহানবী (সা.)-এর আদর্শ যথাযথভাবে অনুসরণের মধ্য দিয়ে ইসলাম ধর্ম ও মুসলিম জাতির শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ ঘটানো সম্ভব।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল