প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
রাজবাড়ীতে ৮ ঘন্টার ব্যবধানে তিনটি সড়ক দুুর্ঘটনা, চালক নিহত, আহত ১০
||
শামীম হোসাইন, রাজবাড়ীঃ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও কালুখালী উপজেলার পাইকারমোড় এলাকায় ভোর থেকে দুপুর পর্যন্ত মাত্র আট ঘন্টার ব্যবধানে তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে নজরুল ইসলাম (২৮) নামের দাঁড়িয়ে থাকা বিকল ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এছাড়া চালক ও সহকারীসহ অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত এই আট ঘন্টার মধ্যে বৃষ্টির কারণে সড়ক অতিরিক্ত পিচ্ছিল ও দ্রæতগতির কারনে দুর্ঘটনা তিনটি ঘটে। নিহত ট্রাক চালক নজরুল ইসলাম বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে। নিহত ট্রাক চালক নজরুল ইসলামের সহকারী (হেলপার) জোবায়ের হোসেন বলেন, সোমবার দিবাগত মধ্যরাতের দিকে বরিশালের গৌরনদী এলাকা থেকে তুলার গাছ বোঝাই করে তাঁদের ট্রাক (খুলনা মেট্রো ট-১১-২২১৬) কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার পাইকার মোড় এলাকায় পৌঁছলে ট্রাকটির একটি চাকা বাস্ট হয়ে যায়। চালক নজরুল ইসলামসহ তিনি সড়কের পাশে দাঁড় করিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় পিছন থেকে দ্রুত গতিতে আসা অজ্ঞাত একটি ট্রাক পিছনে এসে স্বজোড়ে আঘাত করলে চালক নজরুল ইসলাম ট্রাকের সামনের চাকার এক্সেলের নিচে চাপা পড়েন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে রেকারের সাহায্যে নজরুল ইসলামকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে একই সড়কে রাজবাড়ী সদর উপজেলার চাঁদপুর মোড় এলাকায় কুষ্টিয়া থেকে আসা ঢাকাগামী গরু বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরিত দিক আসা অপর এক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি গরু ঘটনাস্থলেই মার যায়। এছাড়া দুর্ঘটনায় এক গরু বেপারীসহ ট্রাকটির চালক ও সহকারী আহত হন। এ দুর্ঘটনার প্রায় এক ঘন্টা পর দুপুর একটার দিকে একই সড়কের কালুখালী উপজেলার পাইকার মোড় এলাকায় ফলের ঝুড়িবাহী ট্রাকের সঙ্গে কুষ্টিয়া থেকে আসা রাজবাড়ীগামী গোল্ডেন লাইন নামক একটি দূর পাল্লার যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ৮জন যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন, কুষ্টিয়া সদরের সৈকত হাসান (৪০), জান্নাতুল ফেরদৌস (৫০), কুমারখালীর বিপ্লব (২৯), শামীম হোসেন (৩৫), হরিপুরের উজ্জল মাহমুদ (৩২), জুলিয়ার আলমগীর (৪৪), পাংশা উপজেলার হাবাসপুরের আব্দুস সাত্তার (৫৪) ও ঝিনাইদাহর শৈলকুপার মাসুদ রানা (৪০)। আহতদেরকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পাংশা হাইওয়ে মডেল থানার দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট নীল উৎফল মণ্ডল বলেন, দ্রুত গতিতে গাড়ি চালানো ও বৃষ্টির কারনে সড়ক পিচ্ছিল হওয়ায় মাত্র আট ঘন্টার ব্যবধানে জেলার কালুখালী উপজেলার পাইকার মোড় এলাকার কাছাকাটি স্থানে দুটি এবং জেলা সদরের চন্দনী চাঁদপুর মোড় এলাকায় অপর একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ট্রাক চালক নজরুল ইসলামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িগুলোকে জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের কাজ চলছে।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল