প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
রাজবাড়ীর দৌলতদিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে ল্যাবটপ চুরি
||
মঈনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১১ নম্বর চাঁদখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কেটে একটি ল্যাপটপ ও একটি মাউস চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) রাতের যেকোনো সময় বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। পরে আলমারিতে ব্যাগের মধ্যে থাকা একটি সরকারি ল্যাপটপ ও একটি মাউস নিয়ে পালিয়ে যায়। তবে ল্যাপটপের সরকারি ব্যাগটি ফেলে রেখে যায়।রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের দপ্তরি উজ্জ্বল হোসেন স্কুলে এসে অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পান। পরে তিনি বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মুঠোফোনে জানান।বিদ্যালয়ের দপ্তরি ও নৈশ প্রহরী উজ্জ্বল হোসেন বলেন, “বৃহস্পতিবার বিদ্যালয় ছুটি হওয়ার পর অফিস কক্ষে তালা দিয়ে বাড়ি চলে যাই। এরপর মাঝেমধ্যে এসে বিদ্যালয় দেখে গেছি, সবকিছু ঠিক ছিল। শনিবারও অফিস কক্ষ স্বাভাবিক অবস্থায় ছিল। রোববার সকালে এসে দেখি অফিস কক্ষের তালা কাটা এবং আলমারি থেকে সরকারি ল্যাপটপ ও মাউস চুরি হয়ে গেছে। তবে ল্যাপটপের ব্যাগটি রেখে গেছে।”বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহার হোসেন বলেন, “শনিবারও দপ্তরির সঙ্গে আমার কথা হয়েছে। তখন সবকিছু ঠিক ছিল। রোববার সকালে দপ্তরি আমাকে ফোন করে চুরির বিষয়টি জানায়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করা হয়েছে। পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান জানায়, বিষয়টি আমি শুনে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে থানায় জিডি করতে বলিছি। এছাড়া নৈশপ্রহরীকে বলেছি সরকারি মাল চুরি হয়ে গেছে, এটা রক্ষা করার দায়িত্ব তোমার ছিলো, এটা তোমাকে কিনে দিতে হবে।গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, বিষয়টি স্কুল কতৃপক্ষ বা কেউ আমাকে জানায়নি। আমি এখনি পুলিশ পাঠিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ের দপ্তরির ২৪ ঘণ্টা বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান এবং নৈশ প্রহরীর দায়িত্ব পালনের কথা থাকলেও তিনি সঠিকভাবে সেই দায়িত্ব পালন করেন না। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও চুরি হওয়া সরকারি মালামাল দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল