প্রিন্ট এর তারিখ : ১৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
ক্ষতিকারক রং মিশিয়ে কালো তিল করে বাজারজাত, দুই ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ
||
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে লাল তিলে ক্ষতিকারক রং মিশিয়ে কালো তিল করে বাজারজাত করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল তিল জব্দের পর বিনষ্ট করা হয়। ভেজাল কারবারে জড়িত থাকার অভিযোগে দুই ব্যবসায়ীকে তিন লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দÐপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারের ব্যবসায়ী আব্দুল হাই বিশ্বাস (৫৫) ও শহিদুল বিশ্বাস (৬২)। অভিযানের নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবুবকর সিদ্দিক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আশিকুজ্জামান। এ সময় জেলা খাদ্য নিরাপদ কর্মকর্তা মো. আসিফুর রহমান, উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মো. পনিরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, বাজারে ৩৬০০ থেকে ৩৮০০ টাকা মন দরে লাল তিল বিক্রি হচ্ছে। আর ৫৪০০ টাকা মন দরে কালো তিল বিক্রি হচ্ছে। ফরিদপুর ও রাজবাড়ীর অসাধু চক্র বিভিন্ন এলাকা থেকে অল্প দামে লাল তিল কিনে ক্ষতিকারক কৃত্রিম রঞ্জক ব্যবহার করে কালো তিল তৈরি করছে। বেশি মুনাফার আশায় চক্রের সদস্যরা এসব ভেজাল তিল বিভিন্ন বাজারে বিক্রি করছে। সাধারণ ক্রেতারা বুঝতে না পারায় এসব তিল ক্রয় করে প্রতারিত হচ্ছেন। এমনকি এসব তিল দেশের বাইরেও রপ্তানি করা হচ্ছে। সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে অভিযান চালায়। প্রথমে তিন বস্তা ভেজাল তিলসহ এক ভ্যানচালককে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জামালপুর বাজারে অভিযান চালায়। সেখানে আব্দুল হাই বিশ্বাস ও শহিদুল বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রস্তুতকৃত আরও ১৯ বস্তা ভেজাল তিল জব্দ করে। পরে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে তাদের বাড়িতেও অভিযান চালিয়ে এমন আলামত পান। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবুবকর সিদ্দিক বলেন, ফরিদপুর ও রাজবাড়ীর একটি চক্র লাল তিলে কৃত্রিম ক্ষতিকারক রঞ্জক মিশিয়ে কালো তিল করার প্রক্রিয়ায় জড়িত। চক্রটিকে ধরতে মঙ্গলবার দুপুরের পর থেকে সন্ধ্যার পর পর্যন্ত জামালপুর ও বহরপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় দুইজনের কাছ থেকে ২২ বস্তা ভেজাল তিল জব্দ করা হয়। পরে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় আব্দুল হাই বিশ্বাস ও শহিদুল বিশ্বাসকে তিন লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা অর্থদণ্ড আরোপ অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। টাকা পরিশোধে ব্যার্থ হওয়ায় রাতেই কারাগারে প্রেরণ করা হয়। তিনি বলেন, জব্দকৃত ভেজাল তিল নদীতে বা ডোবায় ফেললে পরিবেশ দূষিত হবে। ভেজাল তিল খেয়ে মাছও মারা যাবে। পরে রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজবাড়ী পৌরসভার ভাগারে জব্দকৃত সমস্ত ভেজাল তিল বিনষ্ট করা হয়। বিষয়টি ফরিদপুর জেলা প্রশাসনকেও অবগত করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল