প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
গোয়ালন্দে তামাকমুক্ত দিবস; সভা ও র্যালিতে নেই কোন কৃষক
||
মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ ঈদের সরকারি ছুটি থাকায় ৭ জুন রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তবে সভা ও র্যালিতে কোন কৃষক দেখা যায়নি।দিবসটি বিশ্ব বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হলেও গোয়ালন্দে চাষিদের পিছু ছাড়ছে না ক্ষতিকর এই তামাক। এ উপজেলায় তামাকের জন্য সরকারের নানামুখী নিরুৎসাহিতকরণ পদক্ষেপ সত্ত্বেও কমেনি এর আবাদ।রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রদীপ কান্তি পাল সহ ইউপি চেয়ারম্যান, এনজিও কর্মী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ২০২৪-২০২৫ অর্থবছরে কাগজে কলমে গোয়ালন্দে ৭ হেক্টর ও ২০২৫-২০২৬ অর্থবছরে ১০ জমিতে তামাকের আবাদ হয়েছে। অর্থাৎ চলতি বছরে ৩ হেক্টর জমিতে তামাকের আবাদ বেড়েছে। যদিও বাস্তবে এর পরিমাণ অনেক বেশি। উপজেলায় তামাকের আবাদ বাড়ছে, এ বিষয়ে প্রশাসন সহ সংশ্লিষ্টদের নেই কোন তদারকি ও সভা সেমিনার। জানা গেছে, বিভিন্ন বিড়ি ফ্যাক্টরির তামাক ক্রয় ও প্রসেসিং কেন্দ্রগুলোর তদারকিতে গোয়ালন্দ উপজেলায় কৃষকদের তামাক চাষে নানাভাবে উদ্বুদ্ধ করার পাশাপাশি অগ্রিম পুঁজি বা ঋণ দেওয়া হচ্ছে। ফলে ক্ষতিকর জেনেও ঋণের জালে আটকে এবং নিশ্চিত লাভের আশায় যুগ যুগ ধরে তামাকের এই বৃত্ত থেকে বের হতে পারছেন না গোয়ালন্দের চাষিরা।উজানচর ইউনিয়নের গণি শেখের পাড়ার তামাক চাষি মোবারক খাঁ জানান, তামাক আবাদই এখন তাদের টিকে থাকার ভরসা। সারাবছর তারা এই মৌসুমের অপেক্ষায় থাকেন। একই এলাকার হাসেম শেখ বিকল্প চাষের সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, ‘বিকল্প ফসল হিসেবে ভুট্টা, গম, ধান, পাট আবাদে অনেক টাকার দরকার হয়, যা আমাদের মতো ক্ষুদ্র কৃষকদের পক্ষে জোগাড় করা কঠিন। কিন্তু তামাক চাষ করলে কোম্পানিগুলো থেকে আগাম ঋণ পাওয়া যায়।সভায় উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, আগের তুলনায় তামাক চাষ অনেকটা কমেছে। আগে আমাদের এলাকায় উৎপাদিত তামাক বিক্রি হতো ফরিদপুর। তারপর বিক্রয় কেন্দ্র চলে যায় কামারখালী আর এখন বিক্রি হয় কুষ্টিয়া নিয়ে। এজন্য অনেকে তামাক চাষে নিরুৎসাহিত হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, কৃষকদের বার্তা পৌঁছে দিতে কৃষকদের নিয়ে সভা করা হবে। তামাক চাষ আইনত দণ্ডনীয় অপরাধ হলেও ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় ৭ হেক্টর জমিতে এবং পরবর্তী ২০২৫-২৬ অর্থবছরে ১০ হেক্টর জমিতে তামাক চাষ হয়। তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, উপজেলায় তামাক চাষের লক্ষ্যমাত্রা ০% থাকার স্বত্ত্বেও বেশি লাভের আশায় কৃষকরা এ বছর ৩ হেক্টর বেশি জমিতে তামাক চাষ করে।ইউএনও সাথী দাস বলেন, যেকোনো নেশার শুরুটা হয় সিগারেট পান করার মধ্য দিয়ে। অনেকে বিড়ি, সিগারেট, হুক্কা, পান জর্দাসহ বিভিন্ন উপাদান খেয়ে থাকেন। এ সমস্ত উপাদান তামাকজাত দ্রব্যের সাথে সম্পর্কিত। এজন্য এসব বর্জন করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে দোকানে যাতে সিগারেট বিক্রি না করে সে ব্যাপারে এসিল্যান্ড ও শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল