প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
রাজবাড়ীতে জুতা ব্যবসার আড়ালে মাদক ব্যবসা, যুবক গ্রেপ্তার
||
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের দল অভিযান চালিয়ে রাজবাড়ী শহরের একটি জুতার দোকানে জুতার ব্যবসার আড়ালে মাদক ব্যবসার অভিযোগে দুলাল সিকদার ওরফে সাদ্দাম (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। বুধবার বেলা তিনটার দিকে অভিযান চালিয়ে ৪০পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে। দুলাল সিকদার রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি লক্ষীকোল এলাকার আফাজ উদ্দিন সিকদারের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার (৩ জুন) বেলা তিনটার দিকে রাজবাড়ী শহরের ‘করিম সু হাউজ’ এ অভিযান চালায়। প্রতিষ্ঠানটির (জুতার দোকান) দ্বিতীয় তলায় অবস্থানকালে দোকানের কর্মচারী দুলাল সিকদার ওরফে সাদ্দামকে আটক করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি কালে প্যান্টের পকেটে রাখা ৪০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁর দেখানো মে জুতার বাক্সে রক্ষিত ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জমাদিও জব্দ করা হয়। রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম জানান, দুলাল সিকদার ওরফে সাদ্দাম দোকানের কর্মচারী হয়ে জুতা ব্যবসার আড়ালে নিয়মিত ইয়াবা সেবন করতেন। পাশাপাশি গত ছয় মাস ধরে সে ইয়াবা ব্যবসাও শুরু করেন। বিষয়টি অবগত হওয়ার পর বুধবার বেলা তিনটার দিকে ডিবি পুলিশের দল অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে তাঁর কাছ থেকে ৪০পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জমাদি উদ্ধার করা হয়। ওসি আরও বলেন, এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল