প্রিন্ট এর তারিখ : ১৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে বিয়ার ব্যবসার স্বীকারোক্তি, বিতর্কিত শ্রমিকদল নেতাকে দল থেকে অব্যাহতি
||
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বিয়ার ব্যবসার কথা স্বীকার করে অডিও রেকর্ড ভাইরাল হওয়া সেই শ্রমিকদল নেতা সুমন মোল্লাকে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া স্বাক্ষরিত দলীয় প্যাডে লিখিত এক চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়।চিঠিতে বলা হয়, গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি সুমন মোল্লা দৌলতদিয়া যৌনপল্লীতে বিয়ার ব্যবসার কথা নিজ মুখে স্বীকারোক্তির অডিও রেকর্ড স্থানীয় ও জাতীয় পত্রিকায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি ও দলের সম্মানহানি হয়েছে। এমতাবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের সম্মানহানি করায় গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি সুমন মোল্লাকে দলের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো। গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা বলেন, বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে দৌলতদিয়া ঘাটে শ্রমিক দলের কার্যালয়ে আমরা শ্রমিক দলের জরুরি সভার আয়োজন করি। সভায় সর্বসম্মতিক্রমে সুমন মোল্লাকে দলীয় সকল কার্যক্রম হতে অব্যহতি প্রদান এবং স্হায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।এর আগে মো. মকিম মন্ডল নামে এক আইনজীবীর সাথে সুমন মোল্লার কথোপকথনের ৬ মিনিট ৪২ সেকেন্ডের ওই অডিও রেকর্ডটি গত সোমবার (২৭ এপ্রিল) হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অডিও রেকর্ডে সুমন মোল্লার ওই কথোপকথনে যৌনপল্লীতে তার বিয়ার ব্যবসার কথা স্বীকার করেন এবং তার সঙ্গে আরো ৩ জন সঙ্গী রয়েছে বলেও জানান। তবে তাদের কারও নাম তিনি বলেননি।অভিযোগ রয়েছে , ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে প্রশাসনকে ম্যানেজ করে সুমন মোল্লা সহ বিএনপির স্থানীয় পর্যায়ে অনেকে দৌলতদিয়া যৌনপল্লীতে দখলবাজী, মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ নানা ধরনের অপকর্মের সাথে যুক্ত হন। তারা বিভিন্ন সময় দলের নাম ভাঙ্গিয়ে এ অপকর্মগুলো করে যাচ্ছে। যৌনপল্লীতে তারা বিচার সালিশের নামে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। তাদের অত্যাচার অতিষ্ঠ হয়ে উঠেছে যৌনপল্লীর সাধারন যৌনকর্মী ও অন্যান্যরা।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল