প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
নারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান দুই আসামি গ্রেপ্তার
||
হেলাল মাহমুদ, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় এক নারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩১ মার্চ দায়েরকৃত মামলার দুই সপ্তাহ পর প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া সদর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলো পাংশা উপজেলার কুলটিয়া গ্রামের স্থানীয় বিএনপি নেতা হাবিবুর রহমান রাজার ছেলে হাসিবুর রহমান অন্তর (৩২) ও উপজেলার কলিমহর ইউনিয়নের পারনারায়নপুর গ্রামের তায়জাল মুন্সীর ছেলে বরকত মুন্সী (৩৪)। তাদেরকে আজ বুধবার আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এর আগে মামলার আরেক আসামি কলিমহর ইউনিয়নের নারায়ানপুর কলেজ পাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে রাশেদুজ্জামান ওরফে রাশেদকে (৪০) পাংশা থানা পুলিশ ৩১মার্চ দিবাগত রাতে শহর থেকে গ্রেপ্তার করে। সে পাংশা শহরের দত্ত মার্কেটের একজন কসমেটিক্স ব্যবসায়ী। এ নিয়ে মামলার তিন আসামিকেই গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ধর্ষণের শিকার নারীর বাড়ি কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয় থানা এলাকায়। এরমধ্যে হাসিবুর রহমান অন্তরের সঙ্গে কয়েক বছর আগে থেকে তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস ধরে তাদের সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে যায়। ওই নারী হাসিবুর রহমান অন্তরের বিরুদ্ধে কুষ্টিয়ার একটি আদালতে টাকা সংক্রান্ত বিষয়ে মামলা করেছেন। বর্তমানে ওই মামলাটি চলমান রয়েছে। ওই নারী জানান, ৩০ মার্চ ব্যক্তিগত কাজে ওই নারী পাংশা আসেন। বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে পাংশার মৈশালা বাসষ্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সাদা রঙের একটি হায়েচ মাইক্রোবাস থামিয়ে উল্লেখিত তিনজন তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। পাংশার কুলটিয়াসহ বিভিন্ন এলাকায় মাইক্রোবাসে ঘোরাঘুরি করাকালীন ভয়ভীতি দেখিয়ে তিনজন পর্যায়ক্রমে মাইক্রোবাসের পিছনের সিটে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে রাত ৭টার দিকে তাঁকে কুষ্টিয়া সদর থানা এলাকার ফাঁকা জায়গায় নামিয়ে যায়। এ সময় সে স্থানীয় থানায় গেলে ঘটনাস্থল পাংশা হওয়ায় পুলিশ পাংশা থানায় মামলা করার পরামর্শ দেন। কুষ্টিয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিতসা নিয়ে পরদিন ৩১ মার্চ রাতে পাংশা মডেল থানায় উল্লেখিত তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন। র্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা তথ্য প্রযুুক্তির সহায়তায় র্যাব-১২ এর সহযোগিতায় মঙ্গলবার সন্ধ্যার আগ মুহুর্তে কুষ্টিয়া জেলা সদর থানা এলাকায় অভিযান চালায়। এ সময় দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান দুই আসামিকে তারা গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার রাতেই পাংশা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম বলেন, র্যাবের হাতে গ্রেপ্তারকৃত দুই আসামিকে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আমাদের থানায় হস্তান্তর করে। তাদের বুধবার রাজবাড়ীর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এর আগে পুলিশ ৩১ মার্চ রাত দেড়টার দিকে পাংশা শহরের দত্ত মার্কেট থেকে মামলার আরেক আসামি রাশেদুজ্জামান ওরফে রাশেদকে গ্রেপ্তার করে। মামলার মোট তিনজন আসামিকেই গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল