প্রিন্ট এর তারিখ : ১৯ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬
রাজবাড়ীতে ভিজিএফ এর চাল সংরক্ষণ ও জাল কার্ডসহ দুইজন আটক, ভ্রাম্যমান আদালতে দণ্ড
||
ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হত দরিদ্রদের জন্য ভিজিএফ এর বরাদ্দকৃত ত্রাণের চাউল অবৈধভাবে ক্রয় ও সংরক্ষণের অভিযোগে দুইজন দালালকে আটক করেছে উপজেলা প্রশাসন। আটককৃতদের হেফাজত থেকে দুই বস্তা ত্রাণের চাউল এবং স্বাক্ষরবিহীন ৬৯টি সহ ৭৬টি ভিজিএফ কার্ড জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে।মঙ্গলবার দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মেজবাহ উদ্দিন। এ সময় কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলীম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভিন, তদারকি কর্মকর্তা ইউএনও’র কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আফরোজ চৌধুরী উপস্থিত ছিলেন। দÐপ্রাপ্তরা হলেন, কালুখালী উপজেলার তোফাদিয়া গ্রামের ইছাক আলী মোল্লার ছেলে মো. সাজ্জাদ হোসেন (৪২) এবং উপজেলার গঙ্গানন্দপুর গ্রামের মাখন লাল বিশ্বাসের ছেলে চিত্ত রঞ্জন বিশ্বাস (৬৭)। জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। চাউলে ওজনে কম দেয়া, প্রতারণার আশ্রয় নিয়ে উপকারভোগীদের থেকে স্বল্পমূল্যে চাউল ক্রয় ও সংক্ষরণের অভিযোগ পাওয়া যায়। দুপুর বারোটার দিকে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মেজবাহ উদ্দিন অভিযান চালায়। এ সময় সাজ্জাদ হোসেন ও চিত্ত রঞ্জন বিশ্বাস নামক দুইজন ফরিয়া বা দালালকে আটক করে। তাদের হেফাজতে থাকা পরিষদের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ৫৬টি ভিজিএফ কার্ডের বিপরিতে প্রায় ৫৬০ কেজি চাউল জব্দ করা হয়। একই সঙ্গে স্বাক্ষরিত ৭টি এবং স্বাক্ষর বিহীন আরও ৬৯টি জাল ভিজিএফ কার্ড এবং চাউল ভর্তি ৫০ কেজির দুটি বস্তা জব্দ করা হয়। পরবর্তীতে ইউএনও পরিচালিত ভ্রাম্যমান আদালতে আটককৃত ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর (৬) ধারায় সরকারি নির্দেশ অমান্য করে ত্রাণের চাউল অবৈধভাবে ক্রয়, সংরক্ষণ, মজুদ ও ব্যবসার উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে (৩) ধারা অনুযায়ী দোষি সাব্যস্ত হয়। এতে সাজ্জাদ হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে চিত্ত রঞ্জন বিশ্বাসকে একই আইনে একই ধারায় ১৫ দিন কারাদণ্ড প্রদান ও ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এদিকে অভিযানকালে সাজাপ্রাপ্ত সাজ্জাদ হোসেন সাংবাদিকদের কাছে দাবি করেন, রতনদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব রবিউল ইসলামের কাছ থেকে তিনি আগের দিন গতকাল সোমবার রাতে ২৫ হাজার টাকার বিনিময়ে জব্দকৃত ভিজিএফ কার্ডগুলো ক্রয় করেন। অভিযোগ প্রসঙ্গে অভিযান শেষে বিকেল চারটার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও মো. মেজবাহ উদ্দিন বলেন, তার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। কারণ স্বাক্ষরবিহীন কোন কার্ড কারও কাছে দেওয়ার সুযোগ নেই। এছাড়া টাকা গ্রহণের কোন প্রমান সে দিতে পারেনি। এ বিষয়ে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া ওজনে কম দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল