প্রিন্ট এর তারিখ : ১৯ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬
রাজবাড়ীতে পাম্পে তেল নিতে আসা ট্রাকের চাপায় অপেক্ষায় থাকা অপর ট্রাকের চালক ও সহকারী নিহত
||
হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের একটি পাম্পে তেল নিতে আসা এক ট্রাকের চাপায় অপর ডাম ট্রাকের চালক সহ আরেক ট্রাকের সহকারী নিহত হয়েছেন। গতকাল রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় সপ্তবর্ণা ফিলিং স্টেশন নামক তেল পাম্পে এ দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়ার ইদ্রিস পাটোয়ারীর ছেলে ডাম ট্রাকের চালক (মালিক) সোবাহান পাটোয়ারী (৪৫) ও ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে অপর আরেক ট্রাকের সহকারী স্বপন মিয়া (২২)। পুলিশ ও স্থানীয়রা জানান, ডাম ট্রাকের মালিক সোবাহান পাটোয়ারী নিজেই ট্রাকটি চালিয় তেল নেওয়ার জন্য রাত সাড়ে সাতটার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড় সপ্তবর্ণা ফিলিং স্টেশন নামক তেল পাম্পে আসেন। এ সময় ট্রাক থেকে নেমে ডিজেল সরবরাহকারী ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে তিনি দাঁড়ান। অন্যদিকে ঢাকা থেকে বেনাপোলগামী অপর একটি ট্রাকের সহকারী স্বপন মিয়াও ট্রাক সিরিয়ালে রেখে ফুয়েল ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়ান। একই সময় মেশিন থেকে তেল নিচ্ছিলো একটি মাহেন্দ্র গাড়ি। মাহেন্দ্রের তেল নেওয়া শেষ হওয়ায় ওই সময় পাম্পে তেল নিতে আগে থেকে অপেক্ষায় থাকা অপর আরেকটি ট্রাকের চালক গাড়ি চালু করা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মাহেন্দ্রকে চাপা দেয়। এ সময় মাহেন্দ্রর সামনে থাকা সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়াকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন সোবহান পাটোয়ারী ও স্বপন মিয়া। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হারুন-অর-রশিদ সোমবার সকালে বলেন, স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন। তিনি আরও বলেন, ময়না তদন্ত শেষে রোববার মধ্যরাতে ফরিদপুর থেকে ট্রাক চালক সোবহানের লাশ গ্রামের বাড়ি খানখানাপুর আনা হয়েছে। এ ছাড়া অপর ট্রাকের সহকারী স্বপনের লাশ তাঁর গ্রামের বাড়ি ধামরাই নিয়ে গেছে। দাফনের কাজ শেষে তাদেরকে আসতে বলা হয়েছে। তারা আসলেই পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল