প্রিন্ট এর তারিখ : ২০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬
রাজবাড়ী জেলা পরিষদের নবাগত প্রশাসক বিএনপি নেতা আব্দুস সালামকে ফুলেল শুভেচ্ছা
||
ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা পরিষদের নবাগত প্রশাসক জেলা বিএনপি নেতা আব্দুস সালাম মিয়াকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন রাজবাড়ী জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আব্দুস সালাম মিয়া রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি। এ ছাড়া তিনি রাজবাড়ী থেকে প্রকাশিত দৈনিক ভোরের রাজবাড়ীর প্রকাশক ও প্রধান সম্পাদক। সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি রাজবাড়ী জেলা পরিষদ কার্যালয়ে গেলে সেখানে কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। এ সময় নবাগত প্রশাসক আব্দুস সালাম মিয়া মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে তিনি নিজেই বিশেষ মোনাজাত করেন। পাশাপাশি তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাজবাড়ী-১ এবং রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে তিনি কার্যালয়ের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে প্রশাসক হিসেবে যোগদানের আনুষ্ঠানিকতা শেষ করে পুনরায় দলীয় কার্যালয়ে যান৷ এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল