প্রিন্ট এর তারিখ : ২০ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬
রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আলু বোঝাই ট্রাক খাদে, চালক নিহত
||
হেলাল মাহমুদ, রাজবাড়ী: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি আলু বোঝাই ট্রাক খাদে পড়ে যায়। এতে গাড়ির নিচে পড়ে গুরুতর আহত চালক মো. সজিবকে (২৫) রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাক চালক নাটোর সদর উপজেলার বাসিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, আলু বোঝাই ট্রাকটি গতকাল শনিবার দিবাগত গভীররাতে নাটোর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে ট্রাকটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকায় পৌছে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি মহাসড়কের পাশের খাদে পড়ে। এতে চালক ট্রাকটির নিচে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ গুরুতর আহত চালক সজিবকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দুপুরে বলেন, নিহত ট্রাক চালকের লাশটি সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন এসে পৌছলে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল