
নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর হাটে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলের দিকে হাটের খাজনা আদায়কে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে বালিয়াকান্দি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংঘর্ষে আহতরা হলেন, বালিয়াকান্দি উপজেলার সোনাপুর পশ্চিমপাড়া এলাকার ইয়াসিন মাস্টারের ছেলে জিলাল বিশ্বাস, একই এলাকার গফুর বিশ^াসের ছেলে মো. শোভন বিশ্বাস, মো. আব্দুর রহিম, মো. জিন্নাহ শেখ ও মো. সেলিম মিয়া।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটের খাজনা আদায়কালে আব্দুর রহিম ও শোভন বিশ্বাসের মধ্যে টাকার ভাগাভাগি নিয়ে প্রথমে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা বেড়ে গেলে আব্দুর রহিমের সমর্থকদের মধ্যে জিলাল বিশ্বাসের নেতৃত্বাধীন গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রথম দফায় জিলাল বিশ্বাসের নেতৃত্বে আব্দুর রহিমের ওপর হামলা চালায়। এর কিছুক্ষণ পর আব্দুর রহিমের লোকজন খবর পেয়ে জিলাল বিশ্বাসের ওপর হামলা চালায়। এতে আব্দুর রহিম ও জিলাল বিশ্বাস সহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিতসা দেয়। খবর পেয়ে ইফতারের আগেই বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ দেয়নি। তবে আজ শুক্রবার একটি পক্ষ মামলা দায়েরের কথা জানিয়েছে। অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।