
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরের শতবর্ষী বয়সী অন্নপূর্ণা মন্দিরের নিরাপত্তায় গেট নির্মাণে বাধা প্রদান এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি বিদ্বেষপূর্ণ সাম্প্রদায়িক ও বিভ্রান্তকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। রোববার বিকেলে মন্দির কমিটির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে স্থানীয় একটি পরিবারের বিরুদ্ধে এসব অভিযোগ উত্তাপন করেন।
এদিকে মন্দিরের গেট নির্মাণে বাধা দেওয়ায় খানখানাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের হাতে ওই পরিবারের গৃহবধু লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গৃহবধু রোববার বিকেলে রাজবাড়ী সদর থানা, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে ইউপি চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন এবং মন্দির কমিটির উপদেষ্টা চন্ডিদাস কুন্ডুর বিরুদ্ধে অভিযোগ করেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে খানখানাপুর বাজার সংলগ্ন অন্নপূর্ণা দেবী মন্দির চত্বরে ‘খানখানাপুর সনাতনী সমাজে’র ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে মন্দির কমিটির প্রধান উপদেষ্টা চন্ডিদাস কুণ্ড বলেন, বাংলাদেশের একমাত্র অন্নপূর্ণা দেবী মন্দিরটি বাংলা ১৩৪২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত। মন্দিরে প্রবেশের জন্য অনেক আগে তোরণ নির্মাণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মৌখিক অনুমোতিতে শনিবার (১৪ ফেব্রুয়ারি) তোরণে গেট করতে গেলে প্রতিবেশী আব্দুল কাজী এবং তাঁর স্ত্রী মাহমুদা বেগম মদিনা বাধা দেন। অকথ্য ভাষায় গালমন্দ এবং সাম্প্রদায়িক কুরুচীপণূ মান হানিকর বক্তব্য রাখেন। সুষ্ঠু সমাধানের জন্য খানখানাপুর ইউপি চেয়ারম্যানকে বললে তিনি ঘটনাস্থলে গৃহবধু এবং তাঁর স্বামীকে বোঝাতে গেলে চেয়ারম্যানের সঙ্গে হিচিং হয়। পরে চেয়ারম্যান গেট নির্মাণের আদেশ দিয়ে চলে যান।
মন্দির কমিটির সভাপতি অনিন্দ কুমার কু-ু বলেন, আমরা শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছি। মন্দিরের নিরাপত্তার জন্য গেট নির্মাণ করতে গেলে তারা বাধা দেন। যাতায়াতের জন্য আমরা গেটের একটি চাবি তাদের কাছে রাখার কথা বলেছি। তারপরও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক আচরণ করছেন।
এ সময় অন্যান্যের মধ্যে মন্দির কমিটির উপদেষ্টা নব কুমার দত্ত, সুজিত নন্দী, তেতুলতলা মন্দির কমিটির সভাপতি কমল কু-ু, স্থানীয় পূজা উদযাপন কমিটির সভাপতি কার্ত্তিক কু- প্রমূখ উপস্থিত ছিলেন।
আব্দুল কাজী বলেন, মন্দিরের পাশে নিজের বাড়ি যাতায়াতের একমাত্র রাস্তা মন্দিরের প্রবেশ পথ। সরকারি জমি হওয়ায় স্থানীয়রা মন্দিরের তোরণ দিয়ে পাশে খালে এবং সপ্তাহে দুইদিন ধান-হালি পেয়াঁজের চারার হাটে আসা যাওয়া করে। সম্প্রতি বাড়ির জিনিসপত্র আনতে গেলে বাধা দেন। গেটে তালাবদ্ধ রাখার ব্যবস্থা করছে যাতে আমরা যেতে না পারি। শনিবার ঘটনাস্থলে চেয়ারম্যান এসে আমাদের সঙ্গে খারাপ আচরণ করে এবং স্ত্রী মাহমুদা বেগমকে থাপ্পর মারে। আমরা অসহায় বলে স্ত্রীর গায়ে হাত তুলেছে। স্ত্রী নির্যাতনের বিচার চাই এবং যাতায়াতের সুবন্দোবস্ত চাই।
গৃহবধু মাহমুদা বেগম বলেন, কয়েক বছর ধরে বাস করছি, সমস্যা হয়নি। এখন যাতে যাওয়া আসা করতে না পারি এজন্য উদ্দেশ্যেমূলকভাবে গেট বসিয়ে তালা লাগানোর ব্যবস্থা করেন। বাধা দিলে তারা চেয়ারম্যানকে খবর দিয়ে আনেন। চেয়ারম্যান সুষ্ঠু সমাধান না করে উল্টো আমাকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় সদর থানাসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ দিয়েছি।
অভিযোগ প্রসঙ্গে খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একেএম ইকবাল হোসেন বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা এবং নিরাপত্তায় সহযোগিতা করেছি। এ জন্য প্রয়োজনে কাউকে শাসন পারি, ভালোবাসতেও পারি। তাই বলে গৃহবধুর গায়ে হাত তোলা বা লাঞ্ছিতের অভিযোগের কোন সত্যতা নেই।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়ার রহমান বলেন, মন্দিরের গেট নির্মাণ নিয়ে একটি পরিবারের সাথে ঝামেলা হয়েছিল বলে শুনেছি। পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান সমাধানও করেছেন। চেয়ারম্যানের হাতে গৃহবধু লাঞ্ছিত হওয়ার অভিযোগ পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।