
মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে টানা চার দিনের ছুটিতে নিজ নির্বাচনীয় এলাকায় ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ। মঙ্গলবার সকাল থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ তাদের নিজ এলাকায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাড়িতে ফিরতে শুরু করেছে।
মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, মোটরসাইকেল, পরিবহন, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনে আগত মানুষেরা ফেরি হতে নেমে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে।
এদিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চের পাশাপাশি ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সরকারের নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া সাপ্তাহিক শুক্রবার ও শনিবার সরকারিভাবে সাধারণ ছুটি রয়েছে। এ নিয়ে টানা ৪ দিনের ছুটি পেয়ে বাড়িতে ফিরতে শুরু করেছেন এ অঞ্চলের বসবাসরত মানুষ।
দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাটে চুয়াডাঙ্গাগামী যাত্রী কুদ্দুস মিয়া বলেন, আগামী ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলার সংসদীয় আসনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাড়ি যাচ্ছি। তিনি আরও বলেন, দেশজুড়ে পরিবর্তনের হাওয়া বইছে। আশাকরি ন্যায় ও ইনসাফ বিবেচনায় সৎ ও যোগ্য প্রার্থীকে নিজে ভোট দিবো এবং পরিবারের সকলকে ভোট দিতে উৎসাহিত করবো।
দৌলতদিয়া লঞ্চ ঘাটে গাজীপুর হতে আগত খুলনার পাইকগাছাগামী গার্মেন্টস কর্মী মানিক শেখ বলেন, নির্বাচন উপলক্ষে বেশ কয়েকদিন ছুটি পেয়েছি। ভোট দেওয়া আমার নাগরিক অধিকার। এ জন্য নিজ এলাকায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার রাত থেকেই মানুষ আসতে শুরু করেছে। নির্বাচনীর ছুটিতে ভোট দিতে আসা ঘরেফেরা মানুষের চাপ বেড়েছে। তবে ঘাটে কোন যানবাহনের জট নেই। দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া পাটুরিয়াগামী অধিকাংশ ফেরি অল্প কিছু গাড়ি নিয়ে ছেড়ে যাচ্ছে। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
কারিগরি সহযোগিতায়: মাহামুদ ফিউচার আইটি
কপিরাইটঃ রাজবাড়ী মেইল।